স্টাফ রিপোর্টার
সাবেক ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) নেতা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মপরিচালক মনোজ কান্তি চৌধুরী (মঞ্জু) বুধবার বিকাল সাড়ে ছয়টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। প্রয়াতের পরিবার থেকে বুধবার সন্ধ্যায় জানানো হয়, সিলেট থেকে রাতেই মরদেহ তাঁর রায়পাড়াস্থ বাসায় নিয়ে আসা হবে এবং পরে ধোপাখালি শ্মশানঘাটে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত মনোজ কান্তি চৌধুরী আজীবন প্রগতিশীল রাজনীতির প্রতি সহনাভূতিশীল ছিলেন। তিনি একটি শোষণমুক্ত সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষে সাধ্যমতো সহায়তা করেছেন। তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা কাবেরী চৌধুরী গত অক্টোবর মাসে মৃত্যুবরণ করেছিলেন।
তাঁর মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, কৃষক সংগ্রাম সমিতি, ট্রেড ইউনিয়ন সংঘ, গণতান্ত্রিক মহিলা সমিতি, জাতীয় ছাত্রদল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


