স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাদীর আহমদ সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) এবং সুনামগঞ্জ-৪ (সদর উত্তর-বিশ্বম্ভরপুর) আসন থেকে দলের মনোনয়ন চাইবেন। বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
নাদীর আহমদ সংবাদ সম্মেলনে বলেন,‘আমি ‘নিজেকে শুদ্ধ রেখে, সমাজ এবং রাজনীতিকে শুদ্ধ করা’ শ্লোগান ধারণ করে মানুষের পক্ষে কাজ করতে চাই। দশম শ্রেণিতে পড়াশুনা করার সময় ১৯৮৩ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। পরবর্তীতে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, আহ্বায়ক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমান কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে রয়েছি। ১৯৯০’এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান গণ-বিরোধী সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ ছিল আমার। আমি একজন পেশাদার রাজনৈতিক কর্মী। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলে সুনামগঞ্জ-৩ কিংবা সুনামগঞ্জ-৪ আসনের একটিতে আমি মনোনয়ন প্রত্যাশী।’ একজন রাজনৈতিক কর্মী হিসাবে এ ব্যাপারে গণ-মাধ্যমকর্মীদের সহায়তা চান তিনি।


