মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে প্রায় সোয়া ৩ লাখ পদ শূন্য

সু.খবর ডেস্ক
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমানে মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরগুলোতে শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১টি। তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
জনপ্রশাসনমন্ত্রী বলেন, ২০১৫ সালে ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন। এদের মধ্যে নারী কর্মকর্তা-  
কর্মচারী ৩ লাখ ৭৮ হাজার ৩৫৪ জন এবং পুরুষ কর্মকর্তা-কর্মচারী ১০ লাখ ৪ হাজার ৩৯ জন।
সরকারি দলের সদস্য ওয়াসিকা আয়শা খানের অপর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় নিজ উদ্যোগে কোনো নতুন পদ সৃষ্টি করে না। সাধারণত নতুন কোনো দপ্তর সৃষ্টি কিংবা বিদ্যমান কোনো দপ্তরের কার্যক্রমের পরিধি বাড়লে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পদ সৃজনে প্রচলিত বিধি অনুযায়ী সম্মতি দিয়ে থাকে।
মন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ এবং এর অধীন সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৮ম, ৯ম ও ১০ থেকে ১২ গ্রেডের (১ম ও ২য় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়ে থাকে। ১৩ থেকে ২০ গ্রেডের (৩য় ও ৪র্থ শ্রেণি) শূন্য পদ নিজ নিজ দপ্তর-সংস্থার নিয়োগবিধি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার মাধ্যমে পূরণ করা হয়ে থাকে। এটি একটি চলমান প্রক্রিয়া।