মন্ত্রী-এমপিদের জঙ্গিবিরোধী প্রচারে নামতে নির্দেশ

সু.খবর ডেস্ক
মন্ত্রী ও সংসদ সদস্যদেরকে এলাকায় গিয়ে জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া একাধিক মন্ত্রী।
গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে এবং শোলাকিয়ায় ঈদের জামাতের অদূরে জঙ্গি হামলার পর এই প্রথম বৈঠকে বসে মন্ত্রিসভা। সভায় অন্যান্য নানা বিষয়ের সঙ্গে আলোচনায় গুরুত্ব পায জঙ্গি হামলা প্রসঙ্গ।             
প্রধানমন্ত্রী মনে করেন, দেশি-বিদেশি চক্র বাংলাদেশের বদনাম করতে আপ্রাণ চেষ্টায় নেমেছে। তরুণদের একাংশকে নানাভাবে তারা মগজ ধোলাই করে নিজেদের দলে টানছে। এক্ষেত্রে আইনি পদক্ষেপ নেয়ার পাশপাশি সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী এবং সংসদ সদস্যদেরকে জঙ্গি বিরোধী সচেতনতা বৃদ্ধিতে প্রচারে নামার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি স্থানে দেশের মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকা যেন আমাদের নজরদারিতে থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে।’
সংবাদ মাধ্যমে একাধিক মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন- সব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ নিখোঁজ থাকলে গোপন না করে সংশ্লিষ্টদের জানাতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে কেউ অনুপস্থিত থাকলেও তাও যেন সংশ্লিষ্টদের জানানো হয়।
গুলশানের আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘সরকার আন্তরিকতার সঙ্গে গুলশানের ঘটনা মোকাবেলা করেছে। দেশের বাইরে অনেকে মনে করতে পারে যে আমরা সক্ষম নই। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে কোনো পরিস্থিতি নিজেরাই মোকাবেলা করতে পারি। আমরা ভালোভাবেই গুলশানের ঘটনা সামাল দিতে পেরেছি।’