মফিজ আলীর ১২তম মৃত্যুবার্ষিকীতে পালিত

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ সাবেক কেন্দ্রীয় নেতা, ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক মফিজ আলীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে সকাল ১০ টার সময় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ, গণতান্ত্রিক মহিলা সমিতি, হোটেল শ্রমিক ইউনিয়ন, চা শ্রমিক সংঘ, রিকশা শ্রমিক ইউনিয়ন ও স’মিল শ্রমিক সংঘসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য-ধূপাটিলাস্থ প্রয়াত নেতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং প্রয়াত নেতার অসমাপ্ত কাজকে অগ্রসর করে নিয়ে যাওয়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করা হয়।
পরে স্থানীয় মাঠে সংগঠনের জেলা সভাপতি মো. নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, প্রয়াত নেতার অনুজ রেজাউল করিম, বিশিষ্ট বাম রাজনীতিবিদ ও সাংবাদিক ডা. আব্দুল হান্নান চিনু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন রেজি নং বি-২২০০ এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক অমলেশ শর্ম্মা ।
আলোচনা সভার শুরুতে প্রয়াত নেতা মফিজ আলীসহ সদ্য প্রয়াত প্রবীণ রাজনীবিদ মনোহর আলী, চা-শ্রমিকনেতা সুখরাম নায়েক ও সুভাষ কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির অন্যতম নেতা রমজান আলী পাখি, কৃষকনেতা এখলাছুর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ, চা শ্রমিক সংঘের নেতা স্যামুয়েল ব্যাগমেন, স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত নেতার অসমাপ্ত কাজ শোষণহীণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মফিজ আলীর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। দীর্ঘ ৬০ বছরের বেশি রাজনৈতিক জীবনে তিনি ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন, চা শ্রমিক আন্দোলন, বালিশিরা কৃষক আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। তিনি বৃটিশ আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশ আমলে মোট ৭ বার কারাবরণ করেন। মার্কসবাদ-লেনিনবাদের আদর্শে বিশ্বাসী সাম্রাজবাদ সামন্তবাদ বিরোধীনেতা মফিজ আলী জননেতা হিসেবে শোষিত নির্যাতিত শ্রমিক কৃষক মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে যেমন নিরলস সংগ্রাম করে গেছেন তেমনি তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে সংশোধনবাদ, সুবিধাবাদীদের মুখোশ উন্মোচন করেছেন।
সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে সিলেট, নোয়াখালী, সাভারসহ সারাদেশে ভয়াবহ লোমহর্ষক নারী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন এসব ঘটনা প্রচলিত বৈষ্যমমূলক সমাজ ব্যবস্থার অকার্যকরতার প্রকাশ। নারীরা আজ কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে, কর্মক্ষেত্রে, গণপরিবহণে, নিজ বাড়িতে ধর্ষিত হচ্ছে; এমন কি ধর্মীয় প্রতিষ্ঠানেও নারীরা নিরাপদ নয়।
প্রেস বিজ্ঞপ্তি