মহাবিপর্যয় মোকাবেলায় ১৪ দফা দাবিতে জেলা সিপিবি’র স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
১৪ দফা দাবিতে দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সুনামগঞ্জ জেলা কমিটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে। রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করেন সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. এনাম আহমেদ। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর পক্ষে তার একান্ত সহকারী স্মারকলিপি গ্রহণ করেন।
দাবিগুলোর মধ্যে আছে- সকল শক্তিকে নিয়ে পরামর্শ সভা, জাতীয় বাজেট পুনর্বিন্যস্ত করে করোনা- মহাবিপর্যয় মোকাবিলার জন্য বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, সরকার ঘোষিত অর্থনীতি পুনরুদ্ধার প্রণোদনার সিংহভাগ অর্থ সরাসরি কৃষক, শ্রমজীবী,ক্ষুদে ও মধ্য বিনিয়োগকারীদের প্রদান, সারাদেশে আস্থাভাজনদের নিয়ে গ্রাম সুরক্ষা কমিটি গঠন, অভিজ্ঞ গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে কোভিড-১৯ টাস্কফোর্স গঠন, প্রকৃত কৃষক ও খামারিদের ২% সরল সুদে ঋণ প্রদান,করোনা পরীক্ষার জন্য প্রতিটায় জেলায় অন্তত একটি করে বিশেষায়িত ল্যাব স্থাপন ইত্যাদি।
স্মারকলিপি প্রদানকালে সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার করোনা মোকাবেলায় ইতোপূর্বে কৃত এবং চলমান কর্মসূচি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। এর মাঝে মার্চের শেষ সপ্তাহ থেকে জেলা সিপিবি’র কন্ট্রোল সেল ও গণসংগঠনসমূহের সমন্বিত উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, জনসচেতনার জন্য লিফলেট বিতরণ, ত্রাণ সহায়তা প্রদানের কথা উল্লেখ করেন তিনি।
সাধারণ সম্পাদত কমরেড অ্যাড. এনাম আহমেদ জেলা সিপিবি’র উদ্যোগে ও বিয়ানীবাজার জেলা কমিটির ব্যবস্থাপনায় প্রায় ২০০ কমরেড হাওরে ধান কাটার রয়েছেন বলে উল্লেখ করেন।