মাছ মরে ভাসছে দেখার হাওরে

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
হাওর পাড়ের কৃষকদের মাঝে কান্না যেনো থামছেই না। দেখার হাওরসহ উপজেলার সকল হাওরের বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার পর এখন হাওরের সকল মাছ মরে ভাসছে পানিতে। কৃষক ও মৎসজীবীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। ধান হারিয়ে মাছের আশায় নিজেদের স্বপ্নকে জিইয়ে রেখেছিলেন তারা। কিন্তু এখন তাদের সেই আশাও শেষ হওয়ার পথে। ধান পঁচে হাওর দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। হাওরের মাছ বিষাক্ত হওয়ায় ইতোমধ্যে উপজেলায় মাইকিং করে এসব মাছ না খাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে সরেজমিনে       গিয়ে দেখা যায়, অসংখ্য মাছ মরে ভেসে উঠছে পানিতে। ছোট ছোট মাছের পাশাপাশি রুই, বোয়াল, কার্পও আছে। বড় মাছগুলো কোনোটার ওজন এক থেকে পাঁচ কেজি হবে। প্রচ- গরম উপেক্ষা করে কয়েকজন জেলে মাছ ধরায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কাদিপুর গ্রামের জেলে মকবুল হোসেন বলেন,‘ধান তো আল্লায় আগেও নিছইনগি। একটু আশা আছিল যে, মাছ মাইরা অইলেও বাইচ্ছা খাচ্ছা, আম্মা আব্বারে লইয়া কোনো রকম ই বছর কান কাটাইমু। আল্লায় ই পথও রাখছইন না। হাওরোর হখল মাছ মইরা মইরা ভাইযার।’
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা মো. ছমির উদ্দিন বলেন, ‘কচি ধান পানির নিচে তলিয়ে যাওয়া, জমিতে অতিরিক্ত কীটনাশক সার ব্যবহার করায় পানিতে অক্সিজেনের প্রচ- ঘাটতি দেখা দেয়ায় এমনটা ঘটতে পারে। আমরা ইতোমধ্যে হাওরের অগভীর এলাকায় চুন দেওয়া শুরু করেছি। আশা করি ভাল ফল আসবে। আর এমন দুর্যোগ তৈরি হওয়ায় এ বছর ২ হাজার ৫০ কেজি মাছ অবমুক্ত করার জন্য চাহিদা দিয়েছি।’