‘মাটি আনতে হবে বাঁধের ৩শ মিটার দূর থেকে’

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এতে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উপদেষ্টা করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সদস্য সচিব রাকিবুল হাসান, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ।
প্রকল্প বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুব লীগের আহবায়ক হাফিজ উদ্দিন, মুস্তাফিজুর রহমান খোকন, সাখাওয়াত হোসেন শিপন প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা বলেন, হাওরের পানি কমার ধীর গতির কারণে বাঁধ নির্মাণ কাজ একটু বিলম্ব হবে। তাই অবস্থা বিবেচনা করে বাঁধ নির্মাণ কাজে আরেকটু সময় বৃদ্ধি করতে হবে।
কর্মশালায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শফিকুর রহমান পিআইসিদের উদ্দেশ্যে বলেন, প্রকল্প স্থানে মাটি ফেলে স্তরে স্তরে দুরমুজ করতে হবে। অনেকে বাঁধ নির্মাণ শেষে এসকেবেটর উপর দিয়ে চালিয়ে দুর্মূজের কাজ শেষ করে। এবার তা করলে হবে না। বাঁধের ৩শ মিটার দূর থেকে মাটি টেনে এনে বাঁধে ফেলাতে হবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ২০১৯ সালের পিআইসিগণ চূড়ান্ত বিল এখন পর্যন্ত তারা পায়নি। তাদের চূড়ান্ত বিল দেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের নিকট তিনি অনুরোধ জানান।