মাদকপাচার, গরু চুরি বৃদ্ধিতে উদ্বেগ

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার, গরু চুরি বৃদ্ধি এবং অবাধে সিলিন্ডার গ্যাস বিক্রিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেন, প্রতি মাসেই মাসিক শৃংখলা সভায় সীমান্ত পাহারায় নিয়োজিত বিজিবি সদস্যগণ লক্ষ লক্ষ টাকার মাদকদ্রব্য আটকের ফিরিস্তি সভায় তুলে ধরেন। কিন্তু পাচারকারীদের গ্রেফতার করতে পারেন না, এটি অত্যন্ত দুঃখজনক। সম্প্রতি বাংলাদেশ থেকে ২ হাজার বস্তা ছোলা বুট ভারতে পাচার হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে তারা বিজিবি সদস্যদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনে আহ্বান জানান।
বুধবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ।
সভায় পলাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, পলাশ ইউনিয়নসহ উপজেলার সর্বত্র গরু চুরির উপদ্রব বেড়ে গেছে। এতে স্থানীয় প্রশাসনের নজরদারি আরও বৃদ্ধি করা প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা বলেন, উপজেলার সর্বত্র গ্যাস সিলিন্ডার বেচাকেনা ও ব্যবহার ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারি নিয়ম নীতির প্রতি কোন তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। উপজেলার বাজারগুলোর খুচরা দোকানেও গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এতে সামাজিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি হচ্ছে এবং ক্রেতাগণ হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।