ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় কামাল মিয়া ও লিটন চন্দ্র সরকার নামের দুই মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা না করার ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেল সাড়ে তিনটায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে ধর্মপাশা উপজেলাকে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, জুয়া ও কিশোর অপরাধমুক্ত করার লক্ষে ধর্মপাশা উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত গণ সমাবেশ তারা এ ঘোষণা দেন। তাদের এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা কামাল মিয়া ও মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের লিটন চন্দ্র সরকার দীর্ঘ বছর ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গণ সমাবেশে উপস্থিত হয়ে তারা আর মাদক ব্যবসা করবেন না বলে ঘোষণা দেন। এর আগে গত মঙ্গলবার ধর্মপাশা গ্রামবাসীর উদ্যোগে ধর্মপাশা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষে এক মতবিনিময় সভা হয়। এরপর থেকেই ধর্মপাশা উপজেলার সর্বস্তরের জনগণ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে স্বোচ্ছার হয়েছেন। সোমবার বিকেল সাড়ে তিনটায় আয়োজিত গণ সমাবেশে সংগঠনের আহ্বায়ক অ্যাড. আব্দুল হাইয়ের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের যুগ্ন আহ্বায়ক শামীম আহমেদ মুরাদ, জুবায়ের পাশা হিমু, সদর ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, যুবলীগ নেতা লুৎফুর রহমান উজ্জ্বল, সুশীল সমাজের ব্যক্তি হায়দার জাহান খান পাঠান, মুসফিকুর রহমান প্রমুখ।
কামাল মিয়া বলেন, ‘আমি আগে মাদক ব্যবসা করেছি। গত কয়েক বছর ধরে আর মাদক ব্যবসা করিনা। আর ভবিষ্যতেও মাদক ব্যবসা করবো না।’
সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহম্মদ বলেন, ‘যারা মাদক ব্যবসা ছেড়ে জীবিকার জন্য অন্য কোনো বৈধ ব্যবসা করতে আগ্রহী তারা চাইলে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। যারা মাদক ব্যবসা ছেড়েছেন তাদেরকে সাধুবাদ জানাই।


