সু.খবর ডেস্ক
স্কুলশিক্ষা কার্যক্রম অস্বচ্ছতার বেড়াজালে বন্দী। এই অস্বচ্ছতার বেড়াজাল থেকে মুক্ত করতে মাধ্যমিক স্কুলশিক্ষাকে জাতীয়করণ করতে হবে বলে সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে মাধ্যমিক স্কুলশিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহ আলম বলেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন খাতে এবং স্কুলের অবকাঠামো নির্মাণ খাতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হলেও স্কুলশিক্ষা কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা অস্বচ্ছতার বেড়াজালে বন্দী। এই বন্দী থেকে বেরিয়ে আসতে হলে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ করা অপরিহার্য বলে আমরা মনে করি।
সরকারি ও বেসরকারি স্কুল শিক্ষকদের পার্থক্য তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা সমযোগ্যতা ও সমঅভিজ্ঞতার ভিত্তিতে একই শিক্ষাক্রমের আওতায় দায়িত্ব পালন করলেও বেতনসহ অন্যান্য আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে আকাশ-পাতাল পার্থক্যের শিকার হচ্ছে আজকের শিক্ষক সমাজ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, টেকসই অর্থনীতি ও সমাজ বিনির্মাণে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্কুলশিক্ষার যাবতীয় ব্যয়ভার বহন করা সরকারের দায়িত্ব। এজন্য প্রয়োজনে মাধ্যমিক শিক্ষাক্রমের আওতায় প্রতিভাবান, মেধাবী ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী দ্বারা শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।
শিক্ষার গুণগতমান উন্নয়ন সম্পর্কে সংবাদ সংম্মেলনে বলা হয়, বর্তমানে মাধ্যমিক শিক্ষার পরিচালনা ও ব্যবস্থাপনায় প্রসারতা বৃদ্ধি পেলেও তা আন্তর্জাতিক ও যুগোপযোগী গুণগত মান অর্জনে ঈস্পিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাই এ সমস্যা সমাধানের লক্ষে অবিলম্বে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ করতে হবে। অন্যথায় জাতীর উন্নয়নে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কখনোই সম্ভব নয়।
মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবিতে ৩১ মে বেলা ১১টায় প্রত্যেক উপজেলা সদরে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান করা হবে। ২ জুন বেলা ১১টায় জেলা সদরে সমাবেশ ও মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান। ৫ জুন জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠনের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য সমীপে স্মারকলিপি প্রদান। ১৭ জুন থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে শিক্ষক সমাবেশ। স্থানীয় সংসদ, বু্দ্িধজীবী ও অন্যান্য পেশাজীবী নেতাদের অমন্ত্রণ এবং ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকাতে মহাসমাবেশের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম আব্দুল জলিল, রাজশাহী শাখার উপদেষ্টা আব্দুল বারী, সাতক্ষীরা শাখার উপদেষ্টা মো. ইউনুস আলী, বরিশাল শাখার উপদেষ্টা মো. মজিবুর রহমান প্রমুখ।


