মানবতা, আহা মানবতা

রোকেস লেইস
অনেকেই ছিলেন, যারা
ধারণ করেছেন নৃশংস, জঘন্য
পৈশাচিকতার নিখুঁত কারুকাজ।
কেতাদুরস্ত ধরতে পারা
প্রতিটি কোপ, প্রতিটি কোপে
আঁতকে উঠা শিউরে উঠা
মানবতা, আহা মানবতা

বুঝি, মানুষের থাকে মানবতা।

মানুষতো জীবও পশুও
মমত্ব মহত্ব যথাযথ হলে পরে
জেগে উঠে মনুষত্ব।
মানুষকে হতে হয় মানবিক
সর্ব আচারে অনাচারে।
মানুষ-তত্ত্ব পূর্ণতা পেলেই
জেগে উঠে মানবতা, মানবিকতা।

কি নিদারুণ কষ্ট, নির্লজ্জতা
একটি মেয়ে একজন নারী
বর্বরতা নৃশংসতা উন্মত্ততায়
হচ্ছে ক্ষত বিক্ষত, অথচ
আমি তুমি আপনি
যে ই হই না কেনো
একটু মানবিক হলে,
একটি আঘাত, একটি কোপ
প্রতিটি আঘাত প্রতিটি কোপ
রুখে দেয়া, খুব কি অসাধ্য?
                                             ০৫১০১৬