মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ- সিলেট বিভাগের দায়িত্বে জেসমিন আরা বেগম

স্টাফ রিপোর্টার
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণের জন্য সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম। জাতীয় মানবাধিকার কমিশনের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বৃহত্তর ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ রাজশাহী ও রংপুর বিভাগ এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য তৌফিকা করিম কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর নরসিংদি ও গাজীপুর জেলা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য চিংকিউ রোয়াজা চট্টগ্রাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মিজানুর রহমান খান বৃহত্তর ফরিদপুর ও বরিশাল বিভাগ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. নমিতা হালদার খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন।
দায়িত্বপ্রাপ্তরা দেশব্যাপী যে কোন ধরণের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ করে কমিশনে সুপারিশ প্রদান করবেন।
এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে জেলখানা বা সংশোধনাগার, এতিমখানা, শিশু উন্নয়ন কেন্দ্র, শিশু পরিবার ও চিকিৎসালয় এইরূপ স্থান পরিদর্শন করে কমিশনে সুপারিশ প্রেরণ করবেন। জাতীয় মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন মান উন্নয়নেও সুপারিশ প্রদান করবেন দায়িত্বপ্রাপ্তরা।
প্রসঙ্গত. সুনামগঞ্জের মেয়ে জেসমিন আরা বেগম দেশের প্রথম নারী সলিসিটর হিসাবে কাজ করেছেন। তিনি অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।