‘মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করি’

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিবিদ আব্দুল লতিফ জে,পি বলেছেন, দেশ ও মানুষের কাজ করার জন্য রাজনীতি। রাজনীতি কিংবা রাজনৈতিক দলকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে দেখি না আমি। মানুষের প্রয়োজনে সব সময়ই পাশে দাঁড়ানোর চেষ্টা করি। করোনা, বন্যা, শীত সব সময়ই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল নির্বাচনে গেলে মনোনয়ন চাইতে পারি। দলীয় নীতি নির্ধারকরা মনোনয়ন দিলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইবো। তিনি সুনামগঞ্জের মানুষের দুঃসময়ে গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং গণমাধ্যম কর্মীদের এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।
রবিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন আব্দুল লতিফ জে,পি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সাংবাদিক সাংবাদিক লতিফুর রহমান রাজু, বিন্দু তালুকদার, কুলেন্দু শেখর দাস, মাহতাব উদ্দিন চৌধুরী, সেলিম উদ্দিন, হিমাদ্রি শেখর ভদ্র প্রমুখ।
পরে সাম্প্রতিক বন্যায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত সাংবাদিকদের ফুল দিয়ে সম্মান জানান তিনি।