মানুষ কম দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে চায়-পরিকল্পনামন্ত্রী

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যারা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে তারাই ভালো মানুষ, জনগণের বন্ধু। আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নে সবসময়ই কাজ করে। তাই দেশের মানুষ বারবার উন্নয়নের সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করছে। দেশে এখন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোয়ার বইছে। উন্নয়নের আলোয় ঝলমল করছে গোটা দেশ। মানুষ এখন মুখের বুলিতে বিশ্বাসী নয়। মানুষ উন্নয়ন চায়, কম দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে চায়। আমরা মানুষের জন্য, দেশের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি।
রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা ব্যায়ে ৪ হাজার গভীর নলকূপ স্থাপনের ২য় পর্যায়ে হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, নিরাপদ পানির কষ্ট আমি বুঝি। নিরাপদ পানির অভাব আর কলেরায় আমার আত্মীয় স্বজন মারা গেছে। আমি নিজেও কষ্ট পেয়েছি। আর কোন মানুষ যাতে নিরাপদ পানির অভাবে কষ্ট না পায় তার জন্য নলকূপ ও স্যানিটেশন দেয়া হচ্ছে। কাউকে কষ্টে রাখা হবে না। মানুষের কষ্ট লাঘব করতে নিরাপদ নলকূপ ও স্যানিটেশনের পাশাপাশি আরও অনেক বড় বড় প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, আপনাদের দেখলে আমার মায়ের কথা মনে হয়। আপনারা আমার অতি আপনজন। আপনাদের সেবা করার জন্যই আমি কাজ করছি, আরও কাজ করতে চাই। গ্রামের মানুষদের কথা প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেন। তারা কেমন আছে কীভাবে আছে জানতে চান। প্রধানমন্ত্রী আমাকে বলেন, গ্রামের মানুষের উন্নয়নের জন্য প্রকল্প নিয়ে আসুন আমি পাস করে দিব।
বিদ্যা অমূল্যধন, বিদ্যা ছাড়া উপায় নাই উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, বিদ্যার জন্যই আমি অজপাড়া গায়ের একজন মান্নান এখানে আসতে পেরেছি। আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। তাই বিদ্যা অর্জনের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন দেশে শুদ্ধি অভিযান চলছে। বড় বড় ডাকাতদের ধরে জেলে নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই শুদ্ধি অভিযান দেশ বিদেশে অনেক প্রশংসা কুড়াচ্ছে। যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তাই দেশের উন্নয়নে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের প্রতীক নৌকা, এটা আমাদের অন্তরের সাথে আমাদের দেহের সাথে মিশে আছে। আগামী নির্বাচনে আপনারা আমাকে বিবেচনা করবেন। নৌকা প্রতীক যেই নিয়ে আসুক তাকেই ভোট দিয়ে বিজয় করতে হবে। মনে রাখবেন নৌকা মানেই দেশের উন্নয়ন, গ্রামের মানুষের উন্নয়ন।
শান্তিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার’র সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রউফ সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, সুনামগঞ্জ জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রমুখ।
পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপকার ভোগীদের মাঝে ৭০০ট টুইন পিট স্যানেটারী ল্যাট্টিন ও ৩০০ নলকূপ বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসের আলী মর্তুজা, সেজাউল করীম, অমিতাভ দাস, দিন ইসলাম প্রমুখ।