জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের বিভিন্ন সংগঠন চলমান রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও শরনার্থীদের সাহায্যে ত্রাণ তহবিল সংগ্রহের কর্মসূচি পালন করছে। শুক্রবার বিকেলে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে উপজেলার সংবাদপুর বাজার মান্নানঘাটে প্রতিবাদ সমাবেশ ও র্যালির করেন স্থানীয় জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন- মাও.আব্দুল হান্নান আনওয়ারী, মাও.খুরশেদ আলম, মাও. দিলোয়ার হোসেন, হাফিজ আমির হোসেন, হাফিজ মনিরুজ্জামান, মাও. কবির হোসেন, হাফিজ আব্দুল মতিন,হাফিজ আশরাফ আলী প্রমুখ।
অপরদিকে শুক্রবার উপজেলার কয়েকটি মসজিদ ও হাটবাজারে ত্রাণ সংগ্রহ করা হয়েছে। ফাউন্ডেশন ফর সেভিং রোহিঙ্গা জামালগঞ্জ ব্যানারে দেশে আশ্রিত রোহিঙ্গা শরনার্থীদের সাহায্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, সমাজের বিত্তশালী ব্যক্তি,প্রতিষ্ঠান থেকে অর্থ ও বস্ত্র সামগ্রী সংগ্রহ করে আসছে, এ পর্যন্ত তহবিলে প্রায় লক্ষাধিক টাকা ও ১৫ হাজারেরও বেশি নতুন,পুরাতন বস্ত্র সংগ্রহ করা হয়েছে।


