দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আবু হেনা আজিজ সাময়িক বরখাস্তের চিঠি পেয়েছেন। গত ১২ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধিশাখা ১’এর উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ’র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/২০০৩) এর ৩ (১) তৎসহ দ-বিধি, ১৮৬০ এর ৩১৩ ধারায় সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা নং ১৮, তারিখ ৯/৮/২০২০ এর অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে। তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে হরে। এছাড়াও জেলা প্রশাসক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়- ইউপি চেয়ারম্যান মো. আবু হেনা আজিজ সংগঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদ সহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাশেদ ইকবাল চৌধুরী বলেন, এই সংক্রান্ত মন্ত্রণালয়ের পত্র পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বৃহস্পতিবার বিকালে জানান, মন্ত্রণালয়ের স্বাক্ষরিত পত্র পেয়েছেন তারা। মান্নারগাও ইউনিয়ন পরিষদের মেইলে পত্রটি প্রেরণ করা হয়েছে। এই সময়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্যানেল চেয়ারম্যান।
যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ’এর বিরুদ্ধে সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারী গত বছরের ৯ আগস্ট ধর্ষণের অভিযোগে এনে সদর থানায় মামলা করেন। এই মামলায় প্রায় ৪ মাস তিনি জেল খেটেছেন।
ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ এই প্রসঙ্গে বলেন, আমার মামলার এখনো চার্জ-ই গঠন হয় নি। দোষী সাব্যস্ত হলে শাস্তি হতে পারে। এর আগে কেন শাস্তি হবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি আমি পেয়েছি। এ নিয়ে উচ্চ আদালতে আপিল করবো আমি।
- রাশিয়ার করোনার টিকা উৎপাদন করবে বাংলাদেশ
- দক্ষিণ সুনামগঞ্জে সড়কের কাজে অনিয়ম, কর্তৃপক্ষের কাজ বন্ধ রাখার নির্দেশ


