সু.খবর ডেস্ক
ফিলিপাইনে মামলা থাকায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘ফিলিপাইনে মামলা থাকায় রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। মামলাটি একটি পর্যায়ে গেলে প্রতিবেদন প্রকাশ করা হবে।’ শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। প্রতিবেদন প্রকাশ করলে হিতে বিপরীত
হতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ফিলিপাইনের ব্যাংক বলে দিয়েছে টাকা ফেরত দেবে না। এখন প্রতিবেদন প্রকাশ করলে তা হিতে বিপরীত হতে পারে। এজন্য প্রতিবেদনটি প্রকাশ করা যাচ্ছে না।’
পানামা পেপারস কেলেংকারিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের বিষয়ে তদন্ত চলছে। দুদক বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। তারা প্রতিবেদন দিলেই ব্যবস্থা নেওয়া হবে।’
২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় আলোড়ন সৃষ্টি হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। পরে তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিলেও কয়েক দফা ঘোষণা দিয়েও তা প্রকাশ করেননি অর্থমন্ত্রী। চুরির সব টাকা ফেরত আনার পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করবেন বলে কয়েক মাস আগে জানিয়েছিলেন তিনি।
রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদি হয়ে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা এই মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।
সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি হওয়া রিজার্ভের ৪ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল ব্যাংকে যাওয়ার পর ইতিমধ্যে দেড় কোটি ডলার ফেরত এসেছে। বাকি অর্থ উদ্ধারে চেষ্টা করছে বাংলাদেশ।
এদিকে সকালে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নেওয়া জরুরি। এজন্য সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।’
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনিছুর রহমান।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. জামিনুল রেজা চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন প্রমুখ।
- আজ ২২ শে শ্রাবণ- আন্দোলন-সংগ্রামে অনির্বাণ শিখা হয়ে জ্বলছেন রবীন্দ্রনাথ
- ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩


