স্টাফ রিপোর্টার
ছাতকের নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন আপন মামা-ভাগ্নে। মামা জোয়াদ আলী ছিলেন বিএনপির দলীয় প্রার্থী ও ভাগ্নে বর্তমান চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। আপন মামা-ভাগ্নে একই ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিয়ে আলোচনায় ছিল ছাতক উপজেলা জুড়ে। এলাকাবাসী ও গণমাধ্যমের দৃষ্টি ছিল এই ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে।
স্থানীয় ভোটারদের ধারণা ছিল নির্বাচনে হয়তো মামা-ভাগ্নের মধ্যে ভোটের লড়াই হবে। কিন্তু সব
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আব্দুল খালিক রাজা। সরকার ও বিরোধীদলীয় প্রার্থী মামা-ভাগ্নে দুইজনই শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন।
মামা-ভাগ্নের পরাজয়ের পেছনে গোপন সমঝোতা ও দলীয় কোন্দলের কারণ ছিল বলে জানিয়েছেন স্থানীয় ভোটার ও আওয়ামী লীগ-বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
তবে বর্তমান ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,‘ আমি বর্তমান চেয়ারম্যান, আমি কেন সমঝোতা করতে যাব। আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলাম। বিএনপির ভোটাররা আমার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছে। তাই নির্বাচনে এই ফলাফল হয়েছে।’
এ বিষয়ে কথা বলতে চাইলে আফজাল আবেদীন আবুলের মামা বিএনপির দলীয় প্রার্থী জোয়াদ আলীর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

