মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতাকে বহিস্কার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ


স্টাফ রিপোর্টার
ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন (ফয়েজ মারজান) সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে তাকে বহিস্কার করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বিষয়টি অবহিত হওয়ার পর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাতে ফয়েজ উদ্দিনকে বহিস্কারের বিষয়টি গণমাধ্যমকে জানান। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন জানান, ফেসবুকে ফয়েজের উগ্রপন্থি এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থি পোস্ট দেখে জেলা থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাকে বহিস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে তাকে সাংগঠনিক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বরিহস্কার করা হয়েছে।
ফয়েজ উদ্দিনের (ফয়েজ মারজান) সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার গ্রামের আমির আলীর ছেলে। স্থানীয়ভাবে এই পরিবার স্বাধীনতা বিরোধী হিসেবে পরিচিত বলে জাউয়াবাজারের একাধিক বাসিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যের এক আওয়ামী লীগ নেতার তদবিরে সে ছাত্রলীগের জেলা কমিটিতে স্থান পায়।