সু.খবর ডেস্ক
‘কাম ব্যাক, কুমিল্লা ভিক্টোরিয়ানস!’ গ্যালারিতে দর্শকের হাতে ধরা প্ল্যাকার্ডটাও উজ্জীবিত করতে পারল না মাশরাফিদের। পারল না আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া একটি জয় এনে দিতে। চট্টগ্রামে খেলা শুরু হওয়ার আগেই কুমিল্লা দলের সঙ্গে সংশ্লিষ্ট সবার মুখেই একটা কথাই ঘুরছিল, একটা জয়ই পারবে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে। ঢাকাতে যে প্রথম চার ম্যাচের চারটিতেই হেরেছেন মাশরাফিরা। কিন্তু চট্টগ্রামে এসেও ভাগ্যটা বদলায়নি। ব্যাটে-বলে দাপট দেখিয়ে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচে টানা পাঁচ হারের অভিজ্ঞতা হলো কুমিল্লার।
ম্যাচের পর মারলন স্যামুয়েলসকে নিজের পারফরম্যান্সকে কীভাবে দেখছেন? নায়ক, না খলনায়ক?
খারাপ মোটেও করেননি স্যামুয়েলস। বরং আগে ব্যাট করে কুমিল্লা যে শেষ পর্যন্ত ১২২ রান পর্যন্তও যেতে পেরেছে, তাতে তাঁর ৫২ রানের ইনিংসটির বড় অবদান। বল খেলেছেন ৪৬টি। ২১ রানে দুই ওপেনারকে হারানোর পর আহমেদ শেহজাদের সঙ্গে মিলে কুমিল্লার ইনিংসের হাল ধরেছেন এই ক্যারিবীয়। শেহজাদও করেছেন স্যামুয়েলসের সমান ৫২ রান, বল খেলেছেন একটি কম। তবে দুজনই ব্যাট করেছেন ওয়ানডে মেজাজে। শেষ পর্যন্ত কুমিল্লার হতাশাও সেখানে, হাতে ৭ উইকেট রেখেও আরও রান না করতে পারার মূল্য মাশরাফিরা দিলেন ম্যাচ হেরে।
অবশ্য এভাবে বললে আফ্রিদি-সোহাগ গাজীরা রাগ করতে পারেন। কিপটে বোলিং করে তাঁরাই তো আটকে দিয়েছেন কুমিল্লাকে। উইকেট না পেলেও আফ্রিদি ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান। গাজী করেছেন মাত্র ২ ওভার, কিন্তু রান দিয়েছেন মাত্র ৭টি।
একে লক্ষ্য ১২৩, দলে আছেন মোহাম্মদ শেহজাদের মতো বিস্ফোরক ব্যাটসম্যান। ব্যাট করতে নামার আগেই তো রংপুর জয়ের সুবাস পাওয়ার কথা। তার ওপর এখানেও কুমিল্লার ‘খলনায়ক’ স্যামুয়েলস। অষ্টম ওভারে মাশরাফির বলে থার্ডম্যানে ক্যাচ তুলে দিয়েছিলেন শেহজাদ, কিন্তু সেটি ধরতে পারেননি স্যামুয়েলস। ওই শেহজাদই পরে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন, নিজেও পেয়েছেন ফিফটি।
ওপেনিং সঙ্গী সৌম্য সরকার ১৫ বলে ২২ রান করে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত ছিলেন শেহজাদ। আফগান ওপেনারের ৪৯ বলে ৫১ রানের ইনিংসটিই তাঁকে এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। অবশ্য তিনে নামা মোহাম্মদ মিঠুন ছিলেন তাঁর চেয়েও ভয়ংকর! আগের ম্যাচেই বরিশালের বিপক্ষে দুর্দান্ত ফিফটি করা মিঠুন আজ করেছেন ৪৫ রান, সেটিও মাত্র ৩৯ বলে!
- খাদ্যবান্ধব কর্মসূচি ধর্মপাশায় টিপসই নিলেও চাল দেননি ডিলার!
- ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব খালেদার


