মাস্ক ব্যবহার না করলে আইনী ব্যবস্থা নেয়ার দাবি

স্টাফ রিপোর্টার
লকডাউন তুলে নেওয়ার পর থেকে মানুষের মধ্যে মাস্ক ব্যবহার কমে এসেছে। যারা অফিস আদালতের সাথে সম্পৃক্ত তারাই নিয়মিত মাস্ক ব্যবহার করছেন। শহরে চলাচলকারী একশ্রেণীর মানুষ মাস্ক ব্যবহার না করে যেখানে সেখানে মালামাল বেচাকেনা করছেন এবং প্রয়োজনীয় কাজ কর্ম সেরে নিচ্ছেন। বাইরে চলাচলের ক্ষেত্রে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে মাস্কবিহীন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি সচেতনমহলের।
করোনা’র ভয়াবহতা থেকে রক্ষা পেতে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার ফুটপাতে একাধিক ব্যবসায়ী মাস্ক, টুপি, হাতের গ্লাভস্, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ইত্যাদি উপকরণ বিক্রি করছেন। এছাড়া রাস্তার পাশে দোকানপাট ও ফার্মেসীতে করোনা থেকে সুরক্ষার নানা উপকরণ বিক্রি হতে দেখা যাচ্ছে।
কিন্তু এক শ্রেণীর মানুষ মাস্ক ব্যবহার না করে খোলা মুখে হাট বাজার করছেন। নারীরা তাদের শাড়ির আঁচল বা ওড়না টেনে মুখ ঢেকে বাজারে চলাফেরা করছেন। ফলে মাস্ক ব্যবহারে আগ্রহ কমে আসছে সাধারণ মানুষের।
মধ্যবাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, যারা মাস্ক ব্যবহার করেন না তাদের কাছে বেচাকেনা বন্ধ করে দেয়া উচিৎ। কেননা এদের কারণে রোগজীবাণু ছড়াবে।
সবজি বিক্রেতা রহিম উদ্দিন বলেন, স্বাস্থ্য সুরক্ষায় এক ব্যক্তি অন্তত ৩টি মাস্ক ব্যবহার করা জরুরি প্রয়োজন। প্রতিদিন একটি ব্যবহার করে তা ভাল করে ধুয়ে দিতে হবে। নোংরা মাস্ক ব্যবহার করলে নিজের সমস্যা হবে।
কৃষক নেতা আব্দুল কাইয়ুম বলেন, যারা মাস্ক ব্যবহার করেন না, তারা হয়ত বেটাগিরি করেন, নয়ত তাদের মাস্ক কিনে ব্যবহারের অভ্যাস নেই। তাদের পরিবারেও হয়ত মাস্ক ব্যবহার নেই। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ।