মাহমুদুর রহমানের বিরুদ্ধে সদর থানায় মামলা

স্টাফ রিপোর্টার
দৈনিক আমারদেশের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহমুদুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অপপ্রচার করার দায়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর এই অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে উল্লেখ করা হয়, মো. মাহমুদুর রহমান একজন কুৎসা রটনাকারী, পরচর্চাকারী, অশ্লীল, রাষ্ট্রদ্রোহী ও কু-রুটিপূর্ন লোক। তিনি সবসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ইউটিউবে নানা অপপ্রচার করছেন। গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) কর্তৃক আয়োজিত গণতন্ত্র পুনঃরুদ্ধারে    
গণমাধ্যমের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে শত শত মানুষের সামনে দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহমুদুর রহমান বলেন,‘ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছে, কবর দিয়েছে; প্রেসক্লাবে শেখ মুজিবের ম্যুরাল থাকতে পারে না। বর্তমান সরকার অবৈধ সরকার।’
এছাড়া মো. মাহমুদুর রহমান নানা সময়ে ইউটিউবের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ইউটিউবে মানহানীকর নানা অপপ্রচার করছেন। এসব ঘটনার প্রতিকার চেয়ে তথ্য-প্রযুক্তি আইনের ধারায় অভিযোগ করা হয়।