মায়েদের জরুরী চিকিৎসা সেবায় আন্তরিক হতে হবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘সমাজের অবহেলিত ও দরিদ্র লোকদের চিকিৎসা সহায়তায় জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণী পেশার লোকজনকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে। সন্তান সম্ভবা ও প্রসূতি মায়ের জরুরী চিকিৎসা সেবায় সবাইকে আন্তরিক হতে হবে। গ্রাম এলাকার রোগী পরিবহনের জন্য ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনে বেশী করে অর্থ বরাদ্দ রাখুন। তাহলেই গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব হবে এবং শিশু ও মাতৃ মৃত্যুর হার কমবে।’
কেয়ার-জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের আয়োজনে শেয়ারিং কর্মশালা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার দুপুরে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সভাপতিত্বে ও কেয়ার-জিএসকে সুনামগঞ্জ অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক শংকুরাজ মজুমদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বাবর আলী মীর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মো. মোজাম্মেল হক। কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর এইচএসএস প্রকল্পের কো-অর্ডিনেটর ডা. আহসানুল ইসলাম।
ডা. আহসানুল ইসলাম জানান, গত জানুয়ারী মাস থেকে সুনামগঞ্জে এই প্রজেক্টের অধীনে জেলার ৮৭টি ইউনিয়নে প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৩০০জন         প্রাইভেট কমিউনিটি স্কীলড বার্থ অ্যাটেন্ডেন্স (প্রাইভেট সিএসবিএ) মহিলা কর্মী জিএসকে সিএইচডব্লিউ’র আওতায় কাজ করছেন। যারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মায়েদের গর্ভকালীন ও গর্ভ পরবর্তী সময়ে সেবা প্রদান করছেন।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ধর্মপাশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিকুল নাহার শিল্পী, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়াস গিয়াস চৌধুরী প্রমুখ।
কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্যা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।