বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে নির্মাণাধীন মিছাখালী রাবারড্যাম নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতি এবং ফসল রক্ষার বাঁধ নির্মাণ ও মেরামতে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বাদাঘাট (দ.) ইউপি কৃষকলীগের উদ্যোগে উপজেলা সদরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাবেক সহ সভাপতি আ. কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা যুবলীগ আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আ. ছত্তার, আ. লীগ নেতা মহরম আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কালাম, সাবেক সহ সভাপতি আশক আলী, কৃষকলীগ নেতা সিরাজুল ইসলাম, আ. আউয়াল, মরম আলী, নেছার আহমদ, আনন্দমোহন দাস, শ্রমিকলীগ নেতা কালি কুমার দাস, মতিউর রহমান, ইদ্রিছ আলী, জামাল হোসেন, শাহজাহান মিয়া, যুবলীগ নেতা হুমায়ুন কবির, টাইগার মাসুদ প্রমুখ।
বক্তাগণ মিছাখালী রাবার ড্যাম নির্মাণ কাজে অনিয়ম দুর্নীতি ও রাবার ড্যামের স্প্যান ধ্বসে পড়ে ৬ জন শ্রমিক আহত হওয়াসহ নির্মাণ কাজের সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিচার দাবি করেন। এছাড়া বোরো ফসল রক্ষা বাঁধগুলো দ্রুত নির্মাণ ও সংস্কার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।


