স্টাফ রিপোর্টার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন,‘দেশের মানুষের সহায়তা নিয়েই সরকার জঙ্গীবাদ মোকাবেলা করবে। দেশের অধিকাংশ মানুষের ধর্ম ইসলাম, অনেকের ধর্ম হিন্দু, অনেকে রয়েছেন বৌদ্ধ-খ্রীস্টান, সকল মানুষকে সুরক্ষা দেবার জন্য সরকার দায়বদ্ধ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এই দায়িত্ব পালন করবে। সকল প্রকার উগ্রবাদ ও জঙ্গীবাদ মোকাবিলায়
কাজ করছে সরকার’।
শনিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিএডিসি কর্তৃক প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের সর্ববৃহৎ মিছাখালি রাবারড্যাম উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
এর আগে বিএডিসির চেয়ারম্যান নাসিরুজ্জামানের সভাপতিত্বে ও বিএডিসি’র সিলেট-সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী প্রণজিৎ দে’ সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জ- মৌলভীবাজারের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, বিএডিসির প্রধান প্রকৌশলী আবিদ উল্লাহ্ চৌধুরী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, ফতেপুর ইউপি চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর পাপন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জাপা নেতা মহিম উদ্দিন মহিম ও এরশাদ আহমদ, স্থানীয় সিরাজুল ইসলাম, আবিদ উল্লাহ চৌধুরী প্রমুখ।
এমএ মান্নান বলেন,‘দক্ষিণ এশিয়ার বড় এই রাবারড্যাম প্রথম বছরেই ৭০ থেকে ৮০ কোটি টাকার ফসল রক্ষা করেছে। তিনি হাওরাঞ্চলে আরো রাবারড্যাম নির্মাণ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন,‘আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী’র নেতৃত্বে খাদ্য উৎপাদন বৃদ্ধির সংগ্রামে সকলকে একযুগে কাজ করতে হবে’।
বিশেষ অতিথির বক্তব্যে পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন,‘হাওরাঞ্চলের মানুষের স্বপ্ন ভেঙেছে এবার, একমাত্র ফসল বোরো ধান বেশিরভাগ কৃষকই এবার ঘরে তুলতে পারেননি’। তিনি কৃষকদের বিশেষ প্রণোদনা এবং কৃষি ঋণের সুদ মওকুফের দাবি জানান।
বিশেষ অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার শাহানা বলেন,‘সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে আন্তরিক, সরকারকে সকলে মিলে সহযোগিতা করলে এই উন্নয়নযাত্রা আরো শক্তিশালী হবে’।


