ছাতক প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ থেকে নিখোঁজ হওয়া রাকিব (১৪) নামের এক কিশোরকে ছাতকের গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ গোবিন্দগঞ্জ পুরান বাজারের একটি রেস্টুরেন্ট থেকে কর্মরত অবস্থায় তাকে আটক করে।
এদিকে একই গ্রামের আমির আলী ও তার পুত্র আছাদুর রহমানের বিরুদ্ধে অপহরণের মিথ্যা অভিযোগ করায় রাকিবের বাবা জামাল উদ্দিন ও তার মা
সেলিনা বেগমকে আটক করেছে পুলিশ।
রাকিব দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপই গ্রামের জামাল উদ্দিনের পুত্র। রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়েছে মর্মে তার মা সেলিনা বেগম দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে। রাকিব বাড়ি থেকে পালিয়ে ওইদিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জের এ রেস্টুরেন্টে সার্ভিস বয় হিসেবে সে কাজে যোগদান করেছে বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, রাকিবকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গুম করে রেখেছে একই গ্রামের আমির আলী ও তার পুত্র আছাদুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ তদন্ত সাপেক্ষে নিখোঁজের ৫ দিন পর গোবিন্দগঞ্জ থেকে রাকিবকে আটক করা হয়।


