স্টাফ রিপোর্টার
মিথ্যা মামলায় স্বামীকে গ্রেফতারের প্রতিবাদে স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার সকালে শহরের মুক্তারপাড়ায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের সীমান্ত এলাকার বাসিন্দা নুরু মিয়ার স্ত্রী আয়েশা আক্তার এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আয়েশা আক্তার জানান, আমার বাড়ির পাশে দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসতো চোরাচালানীরা। তাদেরকে আমার স্বামী নিষেধ
করেছিলেন, এতে তারা ক্ষুদ্ধ হয়ে হুমকি দিতে থাকে। এই ঘটনার ৩দিন পর বাঁশতলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার সিদ্দিক আমার স্বামী নুরু মিয়াকে একটি দোকান থেকে ডেকে নিয়ে যায় ফাঁড়িতে। পরে ভারতীয় রুপি ও অস্ত্র দিয়ে গ্রেফতার দেখায়। আমার স্বামী নির্দোষ। চোরাচালানী আব্দুল করিম, সামছু মিয়া, খুর্শেদ মিয়া এই মিথ্যা মামলা দায়েরে সহযোগিতা করেছেন। মামলা নং-১৯। এই মামলায় আমার স্বামী নুরু মিয়া জেল হাজতে আছেন।
আয়েশা আক্তার জানান, এমতাবস্থায় আমার নাবালিকা দুটি কন্যা সন্তান ছাড়া সংসারে উপার্জনের কেউ নেই। এখন আমি দুর্বিষহ জীবন-যাপন করছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আমার স্বামীর মুক্তি চাই।
বাঁশতলার ফাঁড়ির হাবিলদার মো. সিদ্দিক বলেন, ‘অস্ত্র মামলার আসামী নুরু মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইদানিং তাকে অস্ত্র মামলায় আসামী করা হয়েছে, এই ঘটনায়ও সে হাতেনাতে ধরা পড়ে। তার কোমরে ছিল পিস্তল, পকেটে ছিল ভারতীয় রূপি।’


