পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষজনকে ত্রাণ সহায়তা দিতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রবিবার সকালে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনাটি নিঃসন্দেহে নিন্দাজনক ও রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করার মতো একটি ঘটনা। এই হামলায় মহাসচিবকে বহনকারীর গাড়িটি ব্যাপকভাবে ভাংচুর করা হয়। হামলায় মীর্জা ফখরুলসহ দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ পাঁচজন আহত হয়েছেন। এই হামলায় কারা জড়িত ছিলো সেটি এখন পর্যন্ত বের করতে না পারলেও বিএনপির পক্ষ থেকে এজন্য রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদের অনুসারী সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। এদিকে হামলার পরপরই রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারী যেই হোক না কেন খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন। এই হামলাকে তিনি অন্যায় বলেছেন। মোটামোটি বেশ কয়েক মাস যাবৎ জাতীয় রাজনীতিতে তেমন কোন উত্তাপ দেখা যায় নি। হঠাৎ করে মীর্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা এই নিস্তরঙ্গ রাজনীতিতে কিছুটা উত্তাপ ছড়িয়ে দিল। ঘটনার পর পর সারা দেশে বিএনপি প্রতিবাদ কর্মসূচী পালন করা শুরু করেছে। একটি প্রধান রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে এমন কাপুরুষোচিত হামলা অত্যন্ত গর্হিত অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ উঠা খুবই সংগত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে যেকোন উপায়ে ঘায়েল করার সংস্কৃতি দীর্ঘদিনের পুরানো। এই চট্টগ্রামেই যেমন শেখ হাসিনার জনসভায় সাপ ছুঁড়ে দেয়া হয়েছিলো তেমনি গুলিবর্ষণ করে তাঁকে হত্যার চেষ্টাও করা হয়েছিলো। আবার নারায়নগঞ্জে বেগম খালেদা জিয়ার গাড়িবহরেও হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে আমরা এখনও একটি ভাল রাজনৈতিক সংস্কৃতি কায়েম করতে স্পষ্টতই ব্যর্থ হয়েছি। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করাটাই হলো গণতন্ত্রের ভাষা। কিন্তু আমরা এতোটাই অসহিষ্ণু হয়ে পড়ি যে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মাঝেমধ্যে গায়ের শক্তি প্রয়োগ করতেও কসুর করি না। মূলত আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে যেমন গণতান্ত্রিক চর্চার কোন ব্যবস্থা নেই তেমনি মাঠে প্রতিপক্ষকে মোকাবিলা করতেও অগণতান্ত্রিক পন্থাই হয়ে উঠে মুখ্য। মীর্জা ফখরুলের গাড়িবহরে কারা হামলা করেছে সেটি খুঁজে বের করা আওয়ামী লীগের জন্যই মঙ্গলজনক। নতুবা এই ইস্যুটি তাদের জন্য একটি খারাপ উদাহরণ হিসেবে মওজুদ হয়ে থাকবে।
মীর্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনাটিকে সামনে রেখে আমরা জাতীয় রাজনীতিতে সুস্থতা ও গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করার আকাক্সক্ষার বিষয়টি তুলে ধরছি। তুলে ধরছি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে। শেষ অর্থে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা কোন না কোন রাজনৈতিক দলের উপরই ন্যস্ত থাকবে। আজ একদল থাকলে ভবিষ্যতে অন্যদল শাসন ক্ষমতায় আসবে। কিন্তু ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক সকল রাজনৈতিক দলকে অবশ্যই গণতান্ত্রিক চরিত্র ধারণ করতে হবে। না হলে প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিক সংগঠনগুলোই জনগণের সামনে দায়বদ্ধ হবে। রাজিৈনতক দলগুলোর ভিতর অনৈক্য, অগণতান্ত্রিক আচরণ ও অসহিষ্ণুতার পরিণতি তৃতীয় পক্ষসমূহ কীভাবে গ্রহণ করে তার উদাহরণ অতীতে আমরা বারবার পেয়েছি। সামনের দিনগুলোতে আমরা কোন অযাচিত পক্ষকে রাজনৈতিক ময়দানে কর্তৃত্ব দেখানোর সুযোগ দিতে চাই না। এ জন্যই রাজনৈতিক সংস্কৃতিকে পরিশুদ্ধ করার একটি জাতীয় তাগিদ অনুভব করাটা বর্তমান সময়ের জরুরি বিষয়।
- সিলেটে সেফহোমে পাঠানো হলো সেই ভারতীয় কিশোরীকে
- হাওরাঞ্চলে এইচএসসি ভর্তি শুরু- কোন কোন কলেজে গলাকাটা ফিস

