মীর কাসেমের রিভিউ আবেদনের রায় মঙ্গলবার

সু.খবর ডেস্ক
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রবিবার রায় ঘোষণার এই দিন ধার্য করেন।
আপিল বিভাগের এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। রবিবার আদালতে মীর কাসেমের পক্ষে শুনানি করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে বুধবার রিভিউ আবেদনের ওপর শুনানি শুরু হয়। ওইদিন মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রিভিউ আবেদনের পক্ষে বক্তব্য উপস্থাপন শুরুর কিছুক্ষণ পরই সর্বোচ্চ আদালত রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
মৃত্যুদ- বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশের পর তা রিভিউ চেয়ে ১৯ জুন আবেদন করেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম। ওই আবেদনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে হত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর একাত্তরের বদর নেতা মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদ- বহাল রাখেন সর্বোচ্চ আদালত। মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।