কালাম আজাদ
সন্তান জন্মের পর পরই বাবা মায়েরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা শুরু করেন। সন্তান শিক্ষিত হবে-মানুষের মতো মানুষ হবে। ভালো চাকুরে হয়ে সুখে শান্তিতে জীবন কাটাবে। বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে দাঁড়াবে- ইত্যাদি ইত্যাদি। পিইসি, জেএসসি, এসএসসি পাশের কৃতিত্বে বাবা মা খুব খুশি। কিন্তু প্রথম হোঁচট খান ভালো কলেজে ভর্তির সুযোগ না পেলে। তারপরও স্বপ্নেরা বাসা বাঁধে । এইচএসসি পাস করার পর অধিকাংশই সবচেয়ে বড় ধাক্কা খান দীর্ঘদিনের লালিত স্বপ্ন ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার দৌঁড়ে টিকতে না পেরে। কেউ কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বাবা মাকে কিছুটা শান্তনা কিছুটা স্বপ্ন দেখান। জীবন চলছে-চলছে লেখা পড়া ।একসময় পাঠসমাপন হয়। বাস্তব কঠিন কঠোরভাবে সামনে এসে দাঁড়ায়। চাকরি নামক সোনার হরিণকে ধরতে ব্যর্থ হয়ে অনেকে নিজেকে দোষারূপ করেন। কেউ কেউ শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন। আত্মসমালোচনা করতে গিয়ে অনেকে ভাবেনÑ ইস আরেকটু ভালোভাবে পড়া দরকার ছিলো। বাবা তীর্যকভাবে মন্তব্য করেন কী শিখলে তুই ? কী পড়লে তুই? ভালোভাবে লেখাপড়া করলে আজ এমন দশা হতো না ?
আমার বক্তব্যটা এখানেই। আসলে আমরা কী শিখব ? কীভাবে শিখব ? মোদ্দাকথা শিক্ষা বলতে কী বুঝায় ?
শিক্ষা বলতে কী বুঝায় তা এক কথায় ব্যাখ্যা করা যায় না। শিক্ষামনোবিজ্ঞানীরা শিক্ষার সংজ্ঞা প্রদান করেছেন কয়েকটি বৈশিষ্ট্যের আলোকে।
১)শিক্ষা হলো শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার বৃদ্ধি
যদি তার একটু ব্যাখ্যা করা যায় তাহলে বলা যায় –পাঠ্যপুস্তকে যথাযথ মনোনিবেশ শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা দুটিই বাড়ায় কিন্তু দৃশ্যমান জাগতিক প্রয়োজনের সাথে তাল মেলানোর জন্য তা যথেষ্ট নয়। একটা গল্পাকারে তার ব্যাখ্যা করা যায়। যেমন-গ্রামের এক ছেলে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেল। বাবা প্রতিবেশীদের
মিষ্টিমুখ করানোর মানসে সন্তানকে গ্রামের বাজারে পাঠালেন মিষ্টি আনার জন্য। নতুন মিষ্টি বানিয়ে দিবে বলে দোকানদার তাকে চুলার পাশে দাঁড় করিয়ে চুলাতে লম্বা লাকড়ি ঢুকিয়ে ক্যাশ টেবিলে গেলেন । ছেলেটিকে চুলার দিকে খেয়াল রাখতে বললেন। এদিকে ছেলে চুলার পাশে দাঁড়িয়ে আছে আর ভিতরের লাকড়ি জ্বলতে জ্বলতে বাঁশের তৈরি বেড়ার পাশে চলে গেছে। বেড়াতে আগুন লাগে লাগে অবস্থা। এমন সময় মালিক ক্যাশ থেকে দৌঁড়ে এসে ধাক্কা দিয়ে লাকড়ি চুলার ভিতরে দিলো । আগুনের হাত থেকে দোকান রক্ষা পেল। দোকানদার ছেলেকে জিজ্ঞেস করলেন ‘তুমি কি চুলার আগুন যে বাহিরে চলে আসছে তা দেখনি? জ্বী দেখেছি।“তাহলে লাকড়ি ধাক্কা দিয়ে চুলার ভিতরে দাওনি কেনো? আমি বুঝতে পারিনি।
গল্প থেকে বলা যায় ছেলেটার বাস্তব দক্ষতার যথেষ্ট ঘাটতি। আর এ ঘাটতি পূরণের দায়িত্ব কিন্তু সম্পুর্ণ আপনার। সরকার ,শিক্ষাব্যবস্থা কিংবা বিদ্যালয়কে কোনভাবেই দায়ি করা যাবে না। দায়িত্ব আপনাকেই নিতে হবে। বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমে তাদের মাঝে ঐ গুণাবলীর বিকাশ ঘটে। শিক্ষা বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়গুলোতে সহপাঠক্রমিক কার্যাবলীর প্রসার ঘটানোর ব্যাপারে জোর তাগিদ দেয়ার পরও অনেকে এসবের প্রতি অনীহা প্রকাশ করেন অথবা দায়সারাভাবে কাজটি সমাপ্ত করার চেষ্টা করেন। ফলে শিক্ষার্থীরা দক্ষভাবে বেড়ে উঠার সুযোগ থেকে বঞ্চিত হন।
২) শিক্ষার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর আচরণের কাক্সিক্ষত পরিবর্তন। এটা সহজেই আপনি অনুমান করতে পারবেন। আপনার সন্তান সমাজের আপদ না সম্পদ হচ্ছে , এটা পর্যবেক্ষণ করে সঠিক লাইনে আনয়নের ব্যাপারে বলিষ্ট পদক্ষেপ নিতে হবে। অনেকে সন্তান মেধাবি, পরীক্ষায় ভালো ফলাফল করছে যুক্তিতে সন্তানের নেতিবাচক আচরণকে মেনে নেন। এর ফলাফল হয় ভয়ানক। তিতা নিমগাছে কখনো মিষ্ট ফল ধরে না।
৩)শিক্ষার তৃতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীর দৃষ্টিভংগীর ইতিবাচক পরিবর্তন ।
এটা একটি জটিল ও তাত্ত্বিক ব্যাপার। সন্তানের দৃষ্টিভংগী হবে ইতিবাচক, সর্বজনীন। সামাজিক ও সাংস্কৃতিক কার্যাবলীর সম্পৃক্ততা সন্তানের মধ্যে ইতিবাচক দৃষ্টিভংগীর জন্ম দেয়।
তাই সংক্ষেপে বলতে চাই, উপরোক্ত তিনটি গুণাবলীর সমন্বয় ঘটানোর নামই হলো শিক্ষা। আপনি নিজে আপনার সন্তানের মূল্যায়ন করুন-যাচাই করুন আপনার সন্তান কেমনভাবে বেড়ে উঠছে। আপনার বিবেকই বলে দিবে সন্তান আপনার ও জাতির সমস্যা না সম্ভাবনা।
লেখক: শিক্ষক ও শিক্ষা গবেষক।


