মুক্তিযুদ্ধের অজানা কথা তিন জনকে আজো খোঁজে পাইনি

হরেন্দ্র তালুকদার
স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন রণাঙ্গনের খবর রেডিও মাধ্যমে প্রচার করছেন দেবদুলাল বন্দোপাধ্যায়। চুটকি প্রচারে আলী রেজা চৌধুরী। যুদ্ধে যাওয়ার জন্য মনে উদ্দীপনা উন্মাদনার সৃষ্টি হয়। এদিকে মা যুদ্ধে যেতে বারণ করছেন। ১৯৭১এর ২৩ এপ্রিল ১৩৭৭ বাংলার ৭ বৈশাখ দিরাই থানাধীন নিজ গ্রাম খাগাউড়ার পশ্চিমের মাঠে একা হাঁটছি। এমনি সময় নিকটবর্তী কিত্তাগাও গ্রামের টগবগে যুবক মহেন্দ্র দাস, হরিমোহন দাস ও জগৎ দাস এসে বলে, চল মুক্তিযুদ্ধে চলে যাই। আমি মা’র কথা তুলতেই জগৎদা বলল- মাকে ধানের ভাড়ারে তুলে খলা থেকে ধান আনতেছি বলে ফাঁকি দিয়ে চলে এসেছি। মায়ের অজান্তেই চারজন মিলে মাঠ থেকেই ভারত সীমান্ত বালাটের উদ্দেশ্যে রওয়ানা হলাম। রাজাকারের ভয়ে সদর রাস্তা বাদে হাওর সোজা হেঁটে জামালগঞ্জ থানাধীন নয়মৌজার রাজাপুর গ্রামের যাদব সরকারের বাড়িতে উঠি। রাজাপুরের অধিকাংশ মানুষ শরণার্থী শিবির মইলামে চলে গেছেন। দুপুরে খেয়ে নয়াহালট গ্রামের পশ্চিমে সুরমা নদী পার হতে চামার বাড়িতে উঠি। এক জন বৃদ্ধকে তৎকালীন সময়ের  দশ টাকায় বলে কয়ে নদী পার হওয়ার ব্যবস্থা করি। ছোট নৌকা, ওরা তিনজন উঠতেই এক ঝলক পানি উঠে নৌকায়, ডুবে যাওয়ার ভয়ে আমি আর নৌকায় উঠলাম না। ওদেরকে ওপারে তুলে দিয়ে চলে আসে। আমি নৌকায় উঠবার সময় দেখি আমার সাথী তিনজনের সাথে আরো তিনজন মিলে নদীর পার দিয়ে পশ্চিমের দিকে হেঁটে চলে যাচ্ছে। আমার দিকে আর ফিরে তাকাল না। সুর্যাস্তের ফলে অন্ধকার ঘনিয়ে আসছে, আবছা আলো আঁধারে আর দেখা যায় না। নায়ের মাঝি বলল ওদেরকে রাজাকারে ধরে ফেলছে। যে রাজাকারের ভয়ে খাল বিলের মধ্য দিয়ে আসলাম সেই রাজাকার এখানে শুনে আমার শরীর হিম হয়ে আসল। আমি এক দৌঁড়ে অনুমান পাঁচ মাইল পূর্বে উজ্জলপুর গ্রামে চলে আসি। রাতেই সুরমা নদী সাতরিয়ে পার হয়ে দৌঁড়ে-দৌঁড়ে শরণার্থী শিবির মইলামে যখন পৌছি রাত্রি তখন ভোর প্রায়। ওখানেই জগৎজ্যোতি দাসের সাথে সাক্ষাৎ হয়। এলাকায় খবর রটে যায় আমরা চারজনকেই রাজাকাররা হত্যা করেছে। আমার শেষকৃত্য অনুষ্ঠান হবে হবে বলে আর হয় নি। চার মাস পর রণাঙ্গন থেকে মাইলাম শরণার্থী শিবিরে এসে মা বাবা ভাই বোনের সাথে দেখা করি এবং লোকমুখে রটানো আমার মৃত্যু সংবাদ জানতে পারি।
একসাথে যুদ্ধে যাওয়ার জন্য বেরোনো হারিয়ে যাওয়া সেই তিনজনকে আজো খোঁজে পাই নি। পাইনি তাদের পরিবার। জগৎ দাস ভালো ফুটবলার ছিল, হরিমোহন দাস ছিল সুখ্যাত নাট্যকর্মী এবং মহেন্দ্র দাসের স্ত্রী গর্ভবতী ছিলেন। পরে এক ছেলে জন্ম নেয়, নাম বাচ্চু। সে বর্তমানে রফিনগর ইউনিয়নের গাজীয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় আছে। আমার সজল চোখে আজো ভাসে, ওরা নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের শোকে মাতম পরিবারগুলির পাশে শান্তনা ছাড়া সাহায্যের সদয় হাত বাড়িয়ে কেউ দাঁড়ালো না। তারা নিরবে নিভৃতে কেঁদেই মুছে দিচ্ছে সন্তান, স্বামী হারানোর দু:খ বেদনা। আমি স্মৃতি হাতড়ে বিবেকের কাছে প্রশ্ন করি, দেশ মাতৃকার টানে ওরা যুদ্ধের ট্রেনিং দিতে যাওয়ার পথে রাজাকাররা কেড়ে নিল ওদের তাজা প্রাণ। শহীদের তালিকায় তাদের নাম থাকতে পারতো, পারতো শহীদ পরিবার হিসাবে তালিকাভুক্ত করতে। কালের অন্তরালে হারিয়ে গেল বীর সেনানীরা। আমি আজো আছি শারিরীক মানসিক যাতনা বুকে ধারণ করে। মৃত্যুর পরে পাবো রাষ্ট্রীয় মর্যাদার যথাযোগ্য সম্মান। কিন্তু সেই সম্মানে তখন আমার কিছু যাবে আসবে কি?
লেখক: মুক্তিযোদ্ধা।