মুক্তিযুদ্ধের ঐতিহ্যের অংশ ডিএস রোডের শহীদ মিনার

কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ বিষয়ে শহরের সর্বস্তরের মানুষের আবেগ অনুভূতিকে সম্মান দেখিয়ে কালেক্টরেট প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন না করার সিদ্ধান্ত গ্রহণ করায় জেলা পরিষদ চেয়ারম্যান সকলের প্রশংসাভাজন হয়েছেন। রবিবার পৌরভবনে পৌর মেয়রসহ শহরের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বলেছেন, সরকার থেকে ভাষা শহীদদের জন্য একটি শহীদ মিনার নির্মাণের যে বরাদ্দ এসেছে তা দিয়ে কালেক্টরেটের সংরক্ষিত এলাকায় নয় বরং শহরের খোলা স্থানে নির্মাণ করা হবে এটি। তিনি ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা অক্ষুন্ন রাখাসহ একে আরও দৃষ্টিনন্দন ও বর্ধিত করারও প্রতিশ্রুতি দিয়েছেন। জনমতের প্রতি একজন নির্বাচিত জনপ্রতিনিধির এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অংশ। শহীদ মিনার নিয়ে সংস্কৃতিসেবী, রাজনীতিক, চিন্তক, ছাত্র ও সুধীজনদের যে মনোভাব ও চাহিদা তা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আংশিক সফলতার মুখ দেখলো। জনমত হলো- ডিএস রোডের শহীদ মিনারকে সম্প্রসারণ ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলা। কারণ এই শহীদ মিনারের সাথে গভীর আবেগ, ইতিহাস ও ঐতিহ্য জড়িত রয়েছে। এই শহীদ মিনারকে ঘিরে সুনামগঞ্জের রাজনীতি ও সাংস্কৃতিক কর্মকা- আবর্তিত হচ্ছে সাড়ে চার দশক ধরে। এই শহীদ মিনারের প্রতিটি ইঞ্চিতে লেগে আছে বীর মুক্তিযোদ্ধাদের শ্রম আর ভালবাসার পরশ। ১৯৭১ সনের ৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্ত হওয়ার পর মেজর মোত্তালিবের নেতৃত্বে যে মুক্তিযোদ্ধারা মাথায় ইট, বালি, পাথর বয়ে এনে শহীদ মিনার নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন তাঁদের অনেকেই এখন বেঁচে নেই। বেঁচে নেই মেজর মোত্তালিবও। যারা বেঁচে আছেন তাঁরা এই শহীদ মিনারের সামনে আসলে সহযোদ্ধা আর রণাঙ্গনের অকুতোভয় সূর্যসন্তানদের কথা মনে করে আবেগতাড়িত হন। ডিএস রোডের শহীদ মিনারটি দাঁড়িয়ে রয়েছে সকল মুক্তিযোদ্ধা ও শহীদানদের প্রতীক হয়ে। এর মর্যাদা কমিয়ে ফেলার অর্থ হলো নিজের পরিচয়কে খ-িত করে ফেলা।  
ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারকে দৃষ্টিনন্দন ও বর্ধিতকরণের জন্য যে সমস্যাটি এখন পর্যন্ত সকলের সামনে উন্মোচিত হয়েছে সেটি হলো জায়গা সংক্রান্ত জটিলতা। কারণ শহীদ মিনারের সম্প্রসারণ ঘটাতে হলে পার্শ্বস্থ আইন মন্ত্রণালয়ের অব্যবহৃত কিছু পরিমাণ জায়গার প্রয়োজন হবে। জায়গাসংক্রান্ত এই সমস্যাটি জেলা ও শহরের নেতৃস্থানীয় ব্যক্তিরা উদ্যোগ নিলে সহজেই সমাধান করতে পারেন। মানুষের আবেগ ও চাহিদাকে আইন মন্ত্রণালয় কেন কোন মন্ত্রণালয়ই অশ্রদ্ধা করবে না। যথাযথ প্রক্রিয়ায় অগ্রসর হলে জায়গার বরাদ্দ পাওয়া কঠিন হবে না বলেই সকলে মনে করেন। এজন্য দরকার শুধু সমন্বিত ও শক্তিশালী উদ্যোগ। আমরা আশা করি জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মানুষের এই আবেগের এবং অবশ্যই শহীদ মিনারের ঐতিহ্যগত গুরুত্ব অনুভব করে দ্রুত জায়গা সংক্রান্ত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তাঁর এই মহতী উদ্যোগকে নাগরিক সম্প্রদায় অকুণ্ঠ সমর্থন জুগাবেন। ডিএস রোডে আরও কিছু জায়গা নিয়ে শহীদ মিনারটির সংস্কার করা হলে এটি হবে দেশের অন্যতম সুন্দর একটি শহীদ মিনার। এর অবস্থান থাকবে শহরের একেবারে নাভিমূলে, যেখানে শহীদ মিনারের অবস্থান হওয়া উচিৎ সেখানেই।
বাংলাদেশের পবিত্র সংবিধানে ঐতিহ্যিক সকল স্থাপনা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে দিয়েছে। সবদিক বিবেচনায় ডিএস রোডের শহীদ মিনারটি মুক্তিযুদ্ধের অপরিহার্য ঐতিহ্যে পরিণত হয়েছে। এই বিবেচনা নিয়ে অগ্রসর হলে বাকী সমস্যাগুলো আস্তে আস্তে অপসৃত হয়ে যাবে। শহরে আসলেই সকলে যাতে মুক্তিযুদ্ধের চেতনাবহ একটি সুন্দর স্থাপনার সামনে এসে দেশ, মানুষ ও আমাদের বীর পূর্বপুরুষদের কথা স্মরণ করে একটুখানি শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেজন্যই আমাদের এই আকুতি।