মুক্তিযুদ্ধ না হলে আমরা বাংলা পড়তে ও লিখতে পারতাম না

স্টাফ রিপোর্টার
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান কবি ড. মোহাম্মদ সাদিক বলেছেন,‘ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ না হলে আমরা বাংলা পড়তে পারতাম না, বাংলায় লিখতে পারতাম না। মুক্তিযুদ্ধে বিজয়ের সফলতাই মুক্তিযোদ্ধা মতিউর রহমান বাংলা ভাষায় নিজের মত করে বই-গল্প-কবিতা লিখতে পারছেন। প্রথম মুক্তিযুদ্ধে আমাদের বিজয় না হলে মুক্তিযোদ্ধাদের মেরে গাছে ঝুলিয়ে রাখা হতো। বাংলার মাটি অত্যন্ত খাটি, এই বাংলাকে নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে এ দেশ স্বাধীন হয়েছে। তবে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায়নি। মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, এখনও চলমান আছে। কারণ ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের ট্রায়াল হয়েছে। আগামীতে এই যুদ্ধ চলবে। যারা প্রথম মুক্তিযুদ্ধে যেতে পারেননি তারা চলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেন।’  
তিনি বলেন,‘যারা মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা নিয়ে কথা বলে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।’   
মুক্তিযোদ্ধা লেখক মতিউর রহমানের লেখা ‘গল্প নয় সত্যি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।’
‘গল্প নয় সত্যি’ বই নিয়ে তিনি আরো বলেন,‘ মুক্তিযোদ্ধা লেখক মতিউর রহমানের লেখা অত্যন্ত সহজ সরল। তার লেখা বই সবাই পড়তে পারেন। তার এই বইয়ে না জানা সমাজের নানা বিষয় উঠে এসেছে। এক সময় এই বইটিও ইতিহাসের অংশ হবে।’  
বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন জেল রোডের লেখক মতিউর রহমানের বাসভবনে ‘গল্প নয় সত্যি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ড. মোহাম্মদ সাদিকসহ শহরের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
লেখক ও কবি সুখেন্দু সেন হারুর সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, লেখক মতিউর রহমান, দৈনিক সুনামকণ্ঠের
 সম্পাদক বিজন সেন রায়, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে লেখক মতিউর রহমান তার ‘গল্প নয় সত্যি’ বই নিয়ে বলেন,‘ আমি এত বড় ও দামী লেখক নই। নিজের মনে জাগা বিভিন্ন প্রশ্ন নিয়ে ফেইসবুকে লেখা ও পোস্টগুলো বই আকাকে প্রকাশ করেছি। এই বইয়ে অতীতের নানা সময়ের স্মৃতি, বর্তমান অবস্থা তুলে ধরেছি মাত্র। আমার জানামতে ফেইসবুকে প্রকাশিত লেখার তথ্য দিয়ে আমার বইটিই দেশের প্রথম বই। সহজ-সরল ভাষায় লেখা আমার বই যে কেউ পড়তে পারবেন।’