দোয়ারাবাজার প্রতিনিধি
মুক্তিযোদ্ধার তালিকায় এক রাজাকারের নাম নিয়ে ফুঁসে ওঠেছেন দোয়ারাবাজার উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা। অবিলম্বে মুক্তিযোদ্ধার তালিকা থেকে কুখ্যাত রাজাকার আলাউদ্দিনের নাম এবং তার সকল সনদপত্র বাতিল করা না হলে আন্দোলনের ডাক এবং উপজেলার মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান বয়কট দেওয়ার ঘোষণা দেন।
রবিবার দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যানারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধাগণ প্রতিবাদ সমাবেশ এবং প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উমর আলী মাস্টার, নুরুল ইসলাম, জহুর আলী, খোরশেদ আলম, ওয়ারিছ আলী, নসুমিয়া, মফিজ উদ্দিন, আবদুল মালেক, আবদুল খালেক, আবদুস সামাদ, সমাছুদ্দিন, লালমিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ১৯৭১ সালে আলাউদ্দিন প্রকাশ্যে দেশবিরোধী কর্মকা-ে জড়িত ছিল। পাকিস্তানিদের পক্ষে সে এলাকায় লুটতরাজ, অগ্নিসংযোগ, নারকীয় হত্যাকা-সহ নানা অপকর্মে লিপ্ত থাকে। অথচ দেশ-স্বাধীন হওয়ার পর কিভাবে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হয় তা আমাদের বোধগম্য নয়।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন, গত তিন মাস যাবত একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা প্রবীর চন্দ্র সরকারের সম্মানি ভাতা বন্ধ রয়েছে। অথচ একাত্তরে আলাউদ্দিন রাজাকার প্রকাশ্যে মুক্তিযুদ্ধের বিরোধীতা এবং ওই বীর মুক্তিযোদ্ধার পিতা দেশপ্রেমিক গোপাল চন্দ্র সরকারকে নির্মমভাবে হত্যা করে। সে রাজাকার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায় কিভাবে এটা আমরা মেনে নিতে পারছি না। সে ২০০৫ সালে বিশেষ তদারকির মাধ্যমে সেনা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করে। সে সময় আমরা এর তীব্র প্রতিবাদ করেছিলাম। কিন্তু অদৃশ্যভাবে সে এখন রাষ্ট্রীয় সম্মানি ভাতাও পাচ্ছে। অবিলম্বে রাজাকার আলাউদ্দিন এর সকল সনদপত্র বাতিল এবং বীর মুক্তিযোদ্ধা প্রবীর চন্দ্র সরকারের সম্মানি ভাতা চালু করা না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার মো. সফর আলী বলেন, আলাউদ্দিন একজন কুখ্যাত রাজাকার। তার নাম মুক্তিযোদ্ধার তালিকায় থাকবে এটা আমরা মেনে নিতে পারছি না। দোয়ারাবাজারে এখনও সাড়ে তিনশ বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে, এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না। অবিলম্বে মুক্তিযোদ্ধার তালিকা থেকে রাজাকার আলাউদ্দিন এর নাম এবং তার সকল সনদপত্র বাতিল করা না হলে আমরা মুক্তিযোদ্ধারা আমাদের রাষ্ট্রীয় সম্মান বয়কট করবো।
- স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
- ৯ বছরেও সেতুর এপ্রোচ হয়নি/ ভোগান্তিতে রক্তিপাড়ের ৫০ গ্রামের লাখো মানুষ


