মুক্তিযোদ্ধা আবদুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের মুক্তিযোদ্ধা মো. আবদুল হক (৬৫) কে মুক্তিযুদ্ধের ৫নং সেক্টরের ট্যাকেরঘাট সাব সেক্টর প্রাঙ্গণে সোমবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। পরে বীর বিক্রম শহীদ সিরাজের সমাধি প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়।
উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের বাসিন্দা বিসিআইসির ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের সাবেক সিবিএ নেতা ও ৫ নং সাব-সেক্টরের মুক্তিযোদ্ধা আবদুল হক রবিবার সকাল সাড়ে ৯ টায় ইন্তেকাল করেন। সোমবার সকাল ৯টায় প্রকল্পের সাব-সেক্টর প্রাঙ্গণে (ঈদগাহ মাঠে) মরহুম আব্দুল হককে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাযা শেষে মেঘালয় পাহাড়ের পাদদেশে বীর বিক্রম শহীদ সিরাজ সমাধি প্রাঙ্গণে দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোজাহিদ উদ্দিন আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. রৌজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল আউয়াল আখঞ্জি, ইউনিয়ন কমান্ডার আলকাছ মিয়া, ইউপি চেয়ারম্যান খসরুল আলম, ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, তাহিরপুর থানার এএসআই তপন কুমার দাস, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, যুগান্তরের তাহিরপুরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।