মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে, অধ্যক্ষ দীলিপ কুমার মজুমদার, অধ্যক্ষ ড. ন্যাথানায়েল এড উইন ফেয়ারক্রস, ট্রাস্টের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ও লেখক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা উদীচীর সভাপতি নারী নেত্রী শীলা রায়।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও লেখক মো. আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ সারোয়ার, আশরাফুল ইসলাম, রূপক রাজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি)  আইনুর আক্তার পান্না বলেছেন, ‘অনেক শিক্ষকরা শিক্ষকতা পেশাকে ব্যবসা হিসাবে বেছে নিয়েছেন। মহান এই পেশার প্রতি সম্মান থাকতে হবে। কোন কোন শিক্ষক নামে মাত্র পাঠদান করে কোচিং বাণিজ্যে লিপ্ত থাকেন। বিদ্যালয় থেকে তাঁদের নেয়া প্রতি মাসের বেতনের টাকা কতটুকু হালাল, সেটা তাঁরাই ভাল জানেন। গত জেএসসি পরীক্ষা শুরুর অল্প সময় আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন কোচিং সেন্টার থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা। তা দেখে অবাক হয়েছি আমি। সুনামগঞ্জে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী এখনও জেলার শিক্ষার হার ৩৫ শতাংশ।     
এ জেলার শিক্ষার্থীদের আশানুরূপ শিক্ষা অর্জন হয়নি। এ বিষয়ে শিক্ষা অফিসারগণও সঠিক তদারকিতে নেই।
তিনি বলেন, ‘সুনামগঞ্জে ক্যাপ্টেন হেলাল সহযোদ্ধাদের পরিবারের লেখাপড়ার কথা চিন্তা করে শিক্ষা ট্রাস্ট গঠন করেছেন। শিক্ষার হার বৃদ্ধিতে এই ট্রাস্ট অনেকটা সহযোগিতা করছে। শিক্ষার্থীদের প্রেরণা দিচ্ছে।’
স্বাগত বক্তব্যে ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু বলেন, ‘১৯৯৬ সালে ক্যাপ্টেন হেলাল উদ্দিন প্রতিষ্ঠা করেন ‘মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্ট’। তখন থেকে মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে ট্রাস্ট। এই বছর ৯৭ জন মুক্তিযোদ্ধার সন্তানকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে’।
বজলুল মজিদ চৌধুরী খসরু অসুস্থ ক্যাপ্টেন হেলাল উদ্দিনের  রোগ মুক্তির জন্য সকলকে দোয়া করার অনুরোধ করেন।