মুক্তিযোদ্ধা তালিকাকে জঞ্জালমুক্ত করে জাতির সুবর্ণ দলিল তৈরি করুন

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজতক বিভ্রান্তির শেষ হয়নি। প্রতিটি সরকার যাচাই-বাছাই স্বাপেক্ষ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের ঘোষণা দেন। কিন্তু সরকারের কার্যকালে কখনও এই কাজ শেষ হয় না। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে তালিকায়ও ঘটে নানা পরিবর্তন। মুক্তিযোদ্ধা তালিকার এমন করুণ অবস্থা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের লজ্জাজনক অবস্থায় ঠেলে দেয় অনেক সময়। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরের এক রিপোর্ট থেকে জানা যায়, জেলায় অন্তত ২০ জন মুক্তিযোদ্ধা রয়েছেন যাদের নাম দুইবার গেজেটভূক্ত হয়েছে। এদের অনেকেই নাকি দুই বার করে ভাতার টাকাও উত্তোলন করেন। এই দ্বৈত গেজেটধারীরা কেবল সুনামগঞ্জেই নেই বরং সারা বাংলাদেশেই রয়েছেন বলে শুক্রবারের দৈনিক সমকাল পত্রিকার আরেকটি রিপোর্ট থেকে জানা যায়। এদিকে বহু মুক্তিযোদ্ধা রয়েছেন যাদের নাম আদৌ মুক্তিযোদ্ধা তালিকায় উঠেনি। অনেক অমুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়ে বছরের পর বছর ধরে যেমন মুক্তিযোদ্ধা নাম ব্যবহার করছেন তেমনি সরকারি সুযোগ সুবিধাও ভোগ করছেন অবলীলায়। বর্তমান সরকার তালিকা যাচাই বাছাই করার জন্য উপজেলায় উপজেলায় কমিটি গঠন করে দিয়েছেন, এই কমিটি কাজও শুরু করেছে। জামালগঞ্জে অন্তত তিন অমুক্তিযোদ্ধার নাম গেজেটে থাকার অভিযোগ তদন্ত চলছে। প্রায় সব উপজেলায়ই এরকম অমুক্তিযোদ্ধাদের তালিকায় সদম্ভ অবস্থান আছে বলে জানা যায়। অন্যদিকে যারা জীবন বাজী রেখে যুদ্ধের ময়দানে অসীম সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য, যুদ্ধের পর তারা যে যার কর্মস্থলে প্রত্যাবর্তন করে গেছেন, তালিকায় নাম উঠানো কিংবা সনদপত্র সংগ্রহরে বিষয়ে তাঁদের ছিল না তেমন আগ্রহ। এইসব ত্যাগী মুক্তিযোদ্ধাদের অনেকের নামই তালিকার বাইরে রয়ে গেছে। সবকিছু মিলিয়ে একটি সঠিক মুক্তিযোদ্ধা তালিকা সম্পন্ন করা যায়নি স্বাধীনতার ৪৬ বছরের মাথায় এসেও, এটি জাতির জন্য লজ্জাজনক।
দেশমাতৃকার আহ্বানে যখন কেউ মৃত্যুর দুয়ারে ঝাঁপিয়ে পড়েন তখন ওই ব্যক্তির মাথায় কোন কিছু প্রাপ্তির আশা কাজ করে না। দেশপ্রেমের টান এমন এক অমোঘ চেতনা যা জাগতিক বিষয়-আশয়কে পায়ে মাড়িয়ে সামনে এগিয়ে চলেন জাতির বীর সন্তানরা। স্বাধীনতার পর যখন এমন তালিকা প্রণয়ন করার প্রয়োজন দেখা দিল তখন সরকারের উচিৎ ছিল খুঁজে খুঁজে সকল বীরের নাম অন্তর্ভূক্ত করা। আবার পুচ্ছ ধারণ করে কোন কাক যাতে ময়ুর বনে যেতে না পারে সে বিষয়েও খেয়াল রাখার কথা ছিল সরকারেরই। কিন্তু ১৯৭৫ এর ঐতিহাসিক উল্টোযাত্রা শুরু হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে সুযোগসন্ধানীর দল দলে দলে মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতে শুরু করে। এই বিরুদ্ধ সময়ে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে নিজের পরিচয় আড়াল করার প্রাণপণ চেষ্টায় নিয়োজিত থাকতে দেখেছি আমরা। অর্থাৎ দেশের জন্য অবদান রাখাটিই যেন কিছু বছরের জন্য এ দেশে অপরাধ হয়ে দাঁড়িয়েছিল। এমন সব প্রতিকূলতা ডিঙিয়ে দেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় থিতু হতে শুরু করেছে। সরকার মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি তাঁদের আর্থিক সুযোগ সুবিধাও বাড়িয়েছেন। এই বাড়তি সুযোগের প্রলোভনে অনেকে লোভনীয় এই তালিকায় নাম উঠাতে ব্যস্ত। আবার যেনতেনপ্রকারে যাদের নাম উঠে গেছে তারাও সমান তৎপর নামটি না কাটানোর জন্য। এর জন্য বিভিন্ন স্থানে মূলত একাধিক সুবিধাবাদী চক্র গজিয়ে উঠার খবরও জানা যায়। মুক্তিযোদ্ধা সংগঠন ও সরকারের দায়িত্ব মহান মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে যাবতীয় জঞ্জাল সাফ করে একে জাতির সুবর্ণ দলিল হিসাবে তৈরি করা।
দ্বৈত গেজেটধারীসহ মুক্তিযোদ্ধা তালিকার যাবতীয় বিভ্রান্তি দ্রুত দূর করতে আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনুরোধ করছি।