এনামুল হক, ধর্মপাশা
পরনে পরিপাটি রঙিন ফতুয়া ও কালো প্যান্ট। পায়ে চকচকে চামড়ার সু-জুতা। তাকে হঠাৎ দেখে বুঝার উপায় নেই যে তিনি একজন ইজিবাইক চালক। গত দুই বছর ধরে তিনি ইজিবাইক বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু হৃদয়ে ধারণ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। রাজনৈতিক সভা, সমাবেশ, আওয়ামী লীগের দলীয় কর্মসূচিসহ জাতীয় দিবসগুলোতে তাঁর সরব উপস্থিতি। কখনও স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আবার কখনও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মোড়ালের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সরকারের ইতিবাচক দিক তুলে ধরে দিতে থাকেন বক্তব্য। কেউ কেউ আবার তাঁঁর এই বক্তব্য ছড়িয়ে দেন ফেসবুকে। স্থানীয়দের কাছে তাঁর এমন কর্মকান্ড ‘পাগলামী’ বলে আখ্যায়িত হলেও সম্প্রতি তিনি তাঁর ইজিবাইকে আওয়ামী লীগ সরকারের ইতিবাচক দিক উল্লেখ করে একটি ব্যানারও সাঁটিয়েছেন। তাই নতুন করে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। এমন মুজিবভক্তের নাম মো. মান্না। তিনি ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।
মান্না তাঁর ব্যানারে উল্লেখ করেন, তিনি ছোটবেলা থেকেই মুজিব আদর্শে অনুপ্রাণিত। বিদ্যুতায়নে বর্তমান সরকারের বিশেষ অবদানের কথা উল্লেখ করে তিনি ব্যানারে উল্লেখ করেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ধর্মপাশায় নির্বাচনী সভায় বলেছিলেন, আওয়ামী লীগ যদি পাস করে তাহলে বাংলাদেশের ঘরে ঘরে ‘কুপি’ থাকবে না। কিন্তু সুরঞ্জিত সেনের এই বক্তব্য বিএনপি-জামায়াত ‘কুপি’র শব্দটির পরিবর্তে ‘টুপি’ থাকবে না উল্লেখ করে অপপ্রচার চালিয়েছিল। সেই দিনের সেই বক্তব্যের সাথে মিল রেখে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। আজ বাংলার প্রতিটি ঘরে বিদ্যুতের বাতি জ্বলছে।
মো. মান্না বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অন্ধভক্ত। আমার কোনো অর্থকরি নাই। অর্থবিত্ত নয়; সারা জীবন মুজিব আদর্শের সৈনিক হিসেবেই বেঁচে থাকতে চাই।’
পথচারী মাহবুব হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে মান্নাকে পরিপাটি পোশাকে ইজিবাইক চালাতে দেখা যাচ্ছে। এখন দেখছি তিনি বঙ্গবন্ধুর একজন ভক্ত। এমন ঘটনা অবশ্যই বিরল।’
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন বলেন, ‘আমার গ্রামের ছেলে মান্না একজন প্রকৃত মুজিবভক্ত এবং সে আওয়ামী লীগ করে। সে কখনওই আওয়ামী লীগের বাইরে যায় না। মুজিবের প্রতি তাঁর এই ভালোবাসা হাজারও মুজিব ভক্তকে অনুপ্রাণিত করবে।’


