স্টাফ রিপোর্টার
দিরাইয়ে বহুল আলোচিত স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার মুন্নীর খুনীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর আসর সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার বেলা সাড়ে ১১ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন খেলাঘর আসরের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেয়।
মানববন্ধন চলাকালে রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শিক্ষাবিদ পরিমল কান্তি দে, খেলাঘরের জেলা শাখার সভাপতি বিজন সেন রায়, কবি ও লেখক ইকবাল কাগজী, সাংবাদিক পংকজ দে, খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, সনাক সদস্য অ্যাড. খলিল রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা- মুন্নী হত্যাকারী ইয়াহিয়া সর্দারকে দ্রুত গ্রেফতারের দাবি করে বলেন অন্যথায় জেলাজুড়ে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
গত ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে দিরাই পৌর এলাকার মাদানী মহল্লায় ঘরে ঢুকে স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার মুন্নীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে ইয়াহিয়া। আহতাবস্থায় মুন্নীকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত মুন্নীর মা রাহেলা বেগম বাদী হয়ে ইয়াহিয়া সর্দার ও তার বন্ধু তানভীর আহমদ চৌধুরীর নাম উল্লেখ করে দিরাই থানায় মামলা দায়ের করেন। দুই জনের মধ্যে আসামী তানভীর আহমদ চৌধুরীকে গ্রেফতার করা হলেও এখনও ঘাতক ইয়াহিয়া গ্রেফতার হয়নি।


