তাহিরপুরে পর পর দুই মন্দিরে রাতের আঁধারে মূর্তি ভাঙার বিষয়টি শান্তিপ্রিয় মানুষের মনে আতঙ্কের বীজ রোপণ করছে। মাসখানেক আগে পৈলনপুর মন্দিরে রাতের বেলায় মূর্তি ভাঙচূড় করা হয়। শনিবার রাতে একই কায়দায় টুকেরগাঁও কালীমন্দিরে আবারও মূর্তি ভাঙচূড় করা হয়। এক মাসের মধ্যে তাহিরপুরের দুই গ্রামে হিন্দু মন্দিরে মূর্তি ভাঙার কারণে স্থানীয় সংখ্যালঘুসহ জেলার শান্তিপ্রিয় নাগরিকদের মনে আতঙ্ক দানা বেধেছে। এর আগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা ব্রাহ্মণগাঁও মন্দিরে অনুরূপ মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে। মূর্তি ভাঙার এইসব ঘটনার সাথে জড়িত কাউকে আইন-শৃঙ্খলা বাহিনি ধরতে পেরেছে কিনা তা আমাদের জানা নেই। মূর্তি ভাঙার বিষয়টিকে ¯্রফে অপরাধ ঘটনা ভাবার কোন অবকাশ নেই। কারণ এইসব মূর্তি ভেঙে দুর্বৃত্তদের বৈষয়িক কোন লাভ হচ্ছে না। তাহলে কেন এই মূতি ভাঙা ? নাসিরনগরের ঘটনার পর এইসব ঘটনা দুশ্চিন্তা বাড়িয়ে দেয় বৈকি। আমরা জানি দেশের সামাজিক পরিম-লে অশান্তি তৈরি করার জন্য একটি মহল মরিয়া হয়ে আছে। এরা পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে বিঘিœত করার কাজে নিয়োজিত। তাহিরপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এইসব মূর্তি ভাঙার সাথে ওই চক্রের কোন যোগসাজস রয়েছে কিনা সেটি স্পষ্ট হওয়া দরকার। আমরা জানি না মূর্তি ভাঙার পর আইন-শৃঙ্খলা বাহিনি কী ধরনের পদক্ষেপ নিয়েছেন। তবে মন্দির সংলগ্ন এলাকাবাসী কিন্তু নিজেদের গ্রামের হিন্দু-মুসলমানের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতির বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেছেন সব ক্ষেত্রে। এলাকার কেউ এমন জঘন্য কাজ করতে পারেন এমনটি বিশ্বাস করেন না তারা। এই বক্তব্য থেকে স্পষ্ট অনুমিত হয় অচেনা কোন শত্রুপক্ষ এইসব ঘটিয়ে চলেছে নিরবে-নিভৃতে। সুতরাং বিষয়গুলো ছোট থাকতেই গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।
এদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা বরাবরই মানসিক চাপের মধ্যে অবস্থান করেন। দেশ স্বাধীনের পিছনে এই সম্প্রদায়ের অসামান্য অবদান ও ত্যাগ-তীতিক্ষা থাকার পরও স্বাধীন দেশে এই সম্প্রদায় সবসময়ই নিজভূমে পরবাসীর মতো বসবাস করছেন। আর রাজনৈতিক চালবাজিতে এই সম্প্রদায়কে সহজ শিকারে পরিণত করা হয়। নিজেদের কোন ধরনের দোষ না থাকা সত্বেও দেশের হিন্দু সম্প্রদায় সারা দেশে বিশেষভাবে নির্যাতন-নীপিড়ন-প্রতিহিংসা ও লুণ্ঠনের শিকার হচ্ছেন। ফলত প্রতিদিনই দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন দেশ ছেড়ে চলে যাচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এই দেশে কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। দুর্ভাগ্যজনক বিষয় হলো শাসক সম্প্রদায় কখনও ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণের স্পন্দন অনুভবে সেই অর্থে আন্তরিকতা দেখান না। যে দেশটি যাবতীয় ধর্মীয় পরিচয়ের নামে বৈষম্যের উর্দ্ধে উঠে সমতার ভিত্তিতে পরিচালিত করার স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছে সেই দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক বিভাজন আজ কঠিন সমস্যা হয়ে সামনে দাঁড়িয়েছে। এই বিভাজনকে মুছে না দেয়া পর্যন্ত দেশটি যে কাক্সিক্ষত পর্যায়ে উন্নয়ন অর্জন করতে পারবে না তা বলার অপেক্ষা রাখে না।
আজ মূর্তি ভেঙে এই সম্প্রদায়ের মনে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে কিংবা ফেসবুক পোস্টের হুজুগ তুলে কোথাও হিন্দু দলন হচ্ছে এর আগে নির্বাচনী বিরোধিতার অজুহাত খাড়া করে দেশের বিভিন্ন স্থানে গণহারে হিন্দু দলনের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল সেই ঘটনাগুলো বিশ্বসভায় আমাদের গর্বিত মাথাকে নীচু করে দেয়। বিবেকবান মানুষ মাত্রই এতে পীড়িত হচ্ছেন। এইসব অবস্থা তৈরির সাথে জড়িত পক্ষগুলোকে কঠোর হাতে দমন করা প্রতিটি শুভবোধসম্পন্ন নাগরিকের চাহিদা। তাহিরপুরের মূর্তি ভাঙার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানাই আমরা।

