মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে- সিপিবি

স্টাফ রিপোর্টার
জ্বালানি তেল, ইউরিয়া সার, বিদ্যুৎ তেল ও খাদ্যসহ নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালের সমর্থনে সমাবেশ, অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটি।
বৃহস্পতিবার সকাল থেকে সংগঠনের নেতাকর্মীরা আলফাত স্কয়ারে অবস্থান নেন।
অবস্থান কর্মসূচি শেষে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। এর প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে সুনামগঞ্জের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) অবস্থান নিয়েছি আমরা। এটা কোনো দল বা কোনো গোষ্ঠীর হরতাল নয়, এটি সব শ্রেণিপেশার মানুষের হরতাল ছিলো। সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতালে সাধারণ মানুষের সহযোগীতা, সমর্থন পেয়েছি। কারণ জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। সরকারের এসব গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে মানুষের পকেট কাটার এই উৎসব চলতে থাকবে। মানুষ নিষ্পেষিত হতে থাকবে। তাই মানুষের প্রয়োজনে মানুষ এই হরতালকে সমর্থন জানিয়েছে। এজন্য সুনামগঞ্জবাসিকে শুভেচ্ছা জানাই।
এসময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সভাপতি অ্যাড. এনাম আহমদ, সাধারণ সম্পাদক জালাল সুমন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি।