মেট্রোরেল সমস্যা সমাধান করে দেবে, এটা আশা করা ঠিক নয়-পরিকল্পনামন্ত্রী

সু.খবর ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, মেট্রোরেল সমস্যা সমাধান করে দেবে, এটা আশা করা ঠিক নয়। তবে মেট্রোরেল চালু হলে আপাতত একটু স্বস্তির সুযোগ হবে।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে একটি উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ‘যোগাযোগের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সৃষ্টি হলে আমাদের বর্তমান অবস্থা থেকে একটু উত্তরণ ঘটে। সমাধান নাও হতে পারে। কারণ সুযোগ বাড়ায় নতুন আরো অনেক লোক আসবে, ট্রাফিক বাড়বে। এটা চিরন্তন, নতুন কিছু নয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিদিনের রুটিনের বাইরে পা বাড়িয়ে নিজের মতো কিছু একটা করার যে মানসিকতা আমাদের দেশের নারীদের মধ্যে রয়েছে, সেটি খুবই আশার কথা। তাদের কিছু একটা করতে চাওয়ার এ প্রবণতাই দেশে প্রচুর নারী উদ্যোক্তা তৈরি করেছে।
মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে যারা বসবাস করেন তারা তুলনামূলকভাবে ভাগ্যবান। কিন্তু যেসব নারী গ্রাম, মফস্বল, হাওর, চরাঞ্চল, পাহাড় ও উপকূলে বসবাস করেন তাদের সুযোগ কম। আমাদের দায়িত্ব হবে সেইসব নারীকে সামনে নিয়ে আসা। তাদের উদ্যোগকে উৎসাহ দেয়া। তাদের সমস্যা ও চাহিদাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করা। সরকারের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। এজন্য গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।’
সূত্র : বণিক বার্তা