মেধাবীদের রাজনীতিমুখী করতে উদাহরণ তৈরি করুন

ছাত্র-ছাত্রীদের কেউ কর্মজীবনে রাজনীতিবিদ হতে চায় না, এই তথ্য উল্লেখ করে সুনামগঞ্জের জেলা পরিষদ প্রশাসক বলেছেন, তিনি এমন উদাহরণ তৈরি করবেন যাতে মেধাবীরা রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে। বিদ্যমান দুর্বৃত্তায়িত পরিবেশে রাজনীতি নামক শব্দটিই যখন অপঅর্থ ধারণ করেছে তখন মেধাবীরা কেন রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখবে? তবে অমেধাবীরা যে ব্যাপকমাত্রায় রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখেন তা বলাই বাহুল্য। যখন দেখি ক্ষমতাসীন দলের নামের অনুকরণে নানা নামের ব্যাঙের ছাতার মতো যত্রতত্র ‘লীগ’ গজিয়ে উঠে আর সেইসব সংগঠনের শাখা প্রশাখার পদবি বাগাতে রীতিমত প্রতিযোগিতা শুরু হয় তখন বুঝা যায় রাজনীতি করার মধ্যে বোধ করি প্রাপ্তির কোন বিষয় আছে। জনসেবার জন্য রাজনীতি করার যুগ গত হয়েছে অনেক আগেই, এমনই বলে থাকেন মানুষ। তাই যদি নাই হবে তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য কেন অনেককে দিনের পর দিন ঢাকায় গিয়ে পড়ে থাকতে হবে আর নানা জায়গায় ধর্না দিতে হবে, খরচ করতে হবে টাকা? এই টাকা আসে কোত্থেকে? এই টাকা উঠে আসবে কী উপায়ে? এমন প্রশ্নের সরাসরি জবাব মেলে না কোথাও। কিন্তু বুঝতে অসুবিধা হয় না একটুও মাজেজাটা আসলে কী। রাজনীতি করতে হলে যখন তোষামোদী করতে হয়, নেতার বৈঠকখানায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কৃপাধন্য হতে, নিজের চাইতে অযোগ্য কারও নামে জয়ধ্বনি দিতে হয় অহোরাত্র, তখন কেন মেধাবীরা এই পথে আসতে চাইবেন? সুতরাং প্রত্যাশিতভাবেই মেধাবী শিক্ষার্থীদের কেউ এখন রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে না।  কিন্তু একি কোন ভাল লক্ষণ? যোগ্য লোকেরা যদি রাজনীতির বাইরে থাকেন তাহলে কি রাষ্ট্র পরিচালনায় মেধা ও যোগ্যতার সংকট তৈরি হয় না? এই শূন্যতার কারণেই রাজনীতি দুর্বৃত্তায়িত হয়ে পড়েছে কিনা সেটিও আরেক প্রশ্ন বটে। তাই একেবারেই সঠিকভাবে জেলা পরিষদ প্রশাসক মেধাবীদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে সুস্থ পরিবেশ তৈরির অঙ্গীকার করেছেন। তাঁর মতো করে সকল দায়িত্বশীলরা যদি চিন্তা করতেন তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির এত অধঃপতন ঘটত না।
রাজনীতিহীন রাষ্ট্র কষ্টকল্পিত একটি অবাস্তব বিষয় মাত্র। রাজনীতি নিয়ন্ত্রণ করে অর্থনীতি, সমাজনীতি সবকিছু। সুতরাং রাজনীতিকে উপেক্ষা করে দেশের বা আত্মোন্নয়নের চিন্তা অলীক কল্পনা মাত্র। আমরা বর্তমানে এক বৈশ্বিক পরিবারের অধিবাসী। পৃথিবীর যেকোন প্রান্তে সংঘটিত ঘটনাবলী প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমাদেরকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে। রাজনীতি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে বৈশ্বিক পরিম-লে আমরা পিছিয়ে পড়ব নয় অন্যের উপর নির্ভরশীল হব। দেশের অর্থনৈতিক উন্নয়নের সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করাও সম্ভব নয় সৃজনশীল রাজনৈতিক চর্চা না থাকলে। ব্যক্তির মানস গঠন থেকে শুরু করে রাষ্ট্রের চরিত্র নির্ধারণ পর্যন্ত সর্বত্র রাজনীতিকের ভূমিকা অপরিহার্য। আমাদের দেশে পরিকল্পনা ও নীতি নির্ধারণী পর্যায়ে অনেক যোগ্য ও দেশপ্রেমিক নেতা এবং রাজনীতিক রয়েছেন বলেই এখনও রাষ্ট্র একেবারে বেপথু হয়ে যায়নি। একজন প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে আজ কঠিন চ্যালেঞ্জের মুখেও যুদ্ধাপরাধীদের বিচার করতে সমর্থ হয়েছে এই রাষ্ট্র। এমন আছে বলেই একজন সুশিক্ষিত ব্যারিস্টার যিনি একই সাথে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক, মেধাবীদের রাজনীতিমুখী করার চিন্তা করেন।  তাঁর এই মনোবাসনা পূর্ণ হোক। তবে অভিপ্রেত রাজনীতির শুদ্ধিকরণপ্রক্রিয়ায় তাঁকে গড্ডালিকাপ্রবাহে গা না ভাসিয়ে চলতে হবে তাঁরই পূর্বসুরীদের দেখানো পথে। যারা কখনও রাজনীতি আর ব্যবসায়কে সমার্থক করে ফেলেননি কখনও। একজন মহান পিতার সন্তান হয়ে তিনি নিশ্চয়ই নিছক কথার কথা নয় সত্যিকারভাবেই উদাহরণ তৈরি করবেন।