তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বিদেশ ফেরত মানসিক প্রতিবন্ধী মেয়ের কোদালের আঘাতে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতৈল গ্রামের আক্তার মিয়ার স্ত্রী গুলজান বেগম (৬০)। সোমবার চিকিৎসাধীন অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, উপজেলার আমতৈল গ্রামের আক্তার মিয়ার মেয়ে খাদেজা আক্তার (২৫) কয়েক মাস আগে সৌদি আরব থেকে বাড়ীতে এসে মানসিক সমস্যায় ভুগছেন। প্রায় সময়ই পরিবারের লোকজনের সঙ্গে তিনি ঝগড়া করেন। রবিবার (১৭ অক্টোবর) রাতে খাবার খাওয়ার সময় মেয়ে খাদেজা আক্তার মাকে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এমন একটি ঘটনার সংবাদ পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বরত পুলিশ ইনচার্জকে বিষয়টি অবগত করেছি। তবে থানায় এখনও কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


