মে দিবসেও কর্মব্যস্ত হাওরের কৃষি শ্রমিক

মধ্যনগর প্রতিনিধি
‘আমরার লাগিয়া (জন্য) কুনু দিবস নাই। এই কয়ডা দিন ধান কাডার (কাটার) কাম (কাজ) আছে। রোজও (দৈনিক মুজুরী) ভালা। বাদে তো আকামা (বেকার) বইয়াই থাহন। এর লাগিয়া অন্নের (এখন) একটা দিন একটা বছরের হমান (সমান)।’
মে দিবস নিয়ে কথা প্রসঙ্গে কথাগুলো বলেন, হাওরে ধান কাটার কাজে ব্যস্ত কৃষি শ্রমিক মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা গ্রামের দিনমুজুর আমিরুল ইসলাম (৪৮)।
মধ্যনগরের হাওরে বোরোধান কাটা প্রায় শেষ পর্যায়ে। এদিকে সময় ঘনিয়ে আসছে পাহাড়ি ঢল ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের। সময়ের সাথে পাল্লা দিয়ে দুর্যোগের আগেই কষ্টের ফসল গোলায় তুলতে মরিয়া কৃষক। তাই মে দিবসেও কর্মবিরতি নেই কৃষিতে সম্পৃক্ত নারী ও পুরুষ শ্রমিকের।
হাওরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, আজ মে দিবসেও ধান কাটার শ্রমিক, মাড়াই কল শ্রমিক, ধান কাটার পর পরিবহন কাজে নিযুক্ত শ্রমিক সহ বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন কৃষি শ্রমিকরা।
শ্রমিকরা জানান, এই বছর ভালো ফসল হওয়ায় কৃষি শ্রমিকদের ভাল মজুরী দিচ্ছে কৃষকেরা। ধান কাটার শ্রমিক (স্থানীয় ভাবে ব্যাপারী বলা হয়) দৈনিক ৭০০ থেকে ৭৫০ টাকা পান। নারী শ্রমিকেরা গড়পড়তা ৫০০টাকা করে পাচ্ছেন বলে জানা যায়।
উপজেলার মোহাম্মদ আলীপুর গ্রামের নারী কৃষি শ্রমিক নুর বিলাস (৫০) গ্রামেই অন্যের বাড়িতে ধান শুকানোর কাজ করেছেন প্রতিদিন। নিঃসন্তান এই নারী শ্রমিকের স্বামী তাকে ছেড়ে চলে গেছে। জীবনযুদ্ধে তাই তাকে একাই লড়তে হচ্ছে। সারা বিশ্ব যখন একযোগে কর্মবিবতি পালন করে মে দিবস পালন করছে, তখন নুর বিলাস সকাল থেকে ধানের খলায় কাজ করে যাচ্ছেন। সূর্য না ডুবলে তার কাজ শেষ হয় না।
নুর বিলাস কে শ্রমিক দিবসের কথা জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন, আমরার পেটে ভাত জুটাইতে বহু কষ্ট করা লাগতাছে। আমরার লাইগ্যা আবার শ্রমিক দিবস কিতা। আমি একদিন কাম না করলে না খাইয়া থাকত অইবো। শ্রমিক দিবস কিতা, হেইতা আমি জানি না। অন্নে কয়ডা দিন কাম আছে, বাদে কামও থাকতো না। উনা- উপাসের দিন আইতাছে। কিছু জমাইতে না পারলে পেট চলতো না।


একই গ্রামের কৃষক আমানুউল্লাহ (৪৫) বলেন, এই মূহুর্তে কৃষক ও কৃষি শ্রমিকের কাছে বড় বিষয় এখন পাকা ধান কেটে বাড়িতে আনা। হাওরে প্রতিরাতেই বজ্রপাত ও ঝড়-বৃষ্টির হচ্ছে। শিলাবৃষ্টির ভয়টা এখন সবচেয়ে বেশি। এখন ক্ষেতের প্রায় সব ধান পেকে গেছে। হালকা শিলাবৃষ্টিতে সেই ধানের ক্ষতি হতে পারে। এই দুঃশ্চিন্তায় প্রতি রাত উৎকন্ঠায় কাটছে কৃষকের। তাই মে দিবসেও হাওরের কৃষি শ্রমিকরা কাজে ব্যস্ত রয়েছে। সেই সাথে অন্য যে কোনো সময়ের তুলনায় মজুরীও বেশি পাচ্ছে।
উল্লেখ্য যে, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমন করতে সেদিন শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। পরে ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। যুক্তরাষ্ট্র সরকার প্রবল জনমতের মুখে শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়। ১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে হিসেবে মে মাসের ১ তারিখ ‘মে দিবস’ হিসেবে পালিত হচ্ছে।