মহান মে দিবসের মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের উদ্যোগে ৬ মে শুক্রবার সন্ধ্যায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রিকশা শ্রমিক সংঘের জেলা সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা সম্পাদক অমলেশ শর্ম্মা।
রিকশা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক সংঘের সহ-সভাপতি মোঃ শাহজাহান আলী, কালেঙ্গা আঞ্চলিক কমিটির নেতা মাহমুদুর রহমান, ইদ্রিস মিয়া, মালু মিয়া, খায়রুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন মহান মে সংগ্রাম শুধুমাত্র ৮ ঘন্টা শ্রম দিবস প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, মে দিবসের সংগ্রাম শ্রমিক শ্রেণীর মজুরি দাসত্ব ব্যবস্থা উচ্ছেদের সংগ্রামের অবিচ্ছেদ অংশ। তাই মহান মে দিবসের শ্রেণী চেতনায় শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করার ঐতিহাসিক দায়িত্ব শ্রমিক শ্রেণীর উপর।
সভা থেকে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণভাবে ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, শহরের সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন, রিকশা শ্রমিকদের উপর জুলুম অত্যাচার বন্ধ, স্বল্পমূল্যে রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠা ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপনের জোর দাবি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

