মোবাইল চুরির অজুহাতে যুবককে মারধর ও বিদ্যুতের শক দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুরে চিলাউড়া পুরান পুঞ্জি গ্রামে মোবাইল চুরির অভিযোগ এনে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটককে রেখে হাত-পা বেঁধে তিন ঘন্টা রড দিয়ে পেটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় সোমবার সন্ধ্যায় অভিযুক্ত ঝুনু মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
অভিযোগ ও নির্যাতনের শিকার যুবকের পরিবারের লোকজন জানান, উপজেলা চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পুরান পুঞ্জি গ্রামের কাজল মিয়ার ছেলে ঝুনু মিয়ার (২৪) একটি মোবাইলফোন চুরি হয়। ঝুনু মিয়া একই গ্রামের দরিদ্র হারুন মিয়ার ছেলে সুবেল মিয়া (২৪) বিরুদ্ধে তার মোবাইল ফোন চুরির অভিযোগ আনেন। সোমবার (১০ অক্টোবর) রাত ৯ টার দিকে ঝুনু মিয়ার নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল যুবক সুবেল মিয়াকে তার বসতবাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে ঝুনু মিয়ার বাড়ির একটি ঘরে আটকে হাত, পা বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
নির্যাতনের শিকার সুবেল মিয়া বলেন,‘সিলেটের বিশ্বনাথের এক কবিরাজ না কি বলেছে- মোবাইলফোন আমি চুরি করেছি। কবিরাজের কথায় ঝুনুর নেতৃত্বে তার লোকজন আমার হাত পা বেঁধে টানা তিন ঘন্টাব্যাপি শরীরিক নির্যাতন করেছে। নির্যাতনের এক পর্যায়ে আমার শরীরের বিদ্যুতের শক দেওয়া হয়েছে। ’
সুবেলের বাবা দরিদ্র হারুন মিয়া বলেন, আমার ছেলেকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটি ঘরে আটককে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমি স্থানীয় ইউপিসদস্যসহ এলাকার লোকজনকে নিয়ে আমার ছেলেকে মুর্মূর্ষ অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এব্যাপারে রোববার বিকালে থানায় অভিযোগ দায়ের করেছি।
জগন্নাথপুর থানা ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন,‘ মোবাইল চুরির অভিযোগে যুবককে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত ঝুনু মিয়াকে আটক করেছে।’