জামালগঞ্জের ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির একটি সংবাদ ছাপা হয়েছে গতকালকের দৈনিক সুনামগঞ্জের খবরে। জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন ব্যক্তির নিকট ক্লোন নম্বর থেকে ফোন করে ইউএনও’র নামে টাকা চাওয়া হয়। ফোনগ্রহীতার অন্তত একজন এই প্রতারণার শিকার হয়ে কিছু টাকা দেয়ার কথা স্বীকার করেছেন। পরে সন্দেহ হলে তিনিই স্বয়ং ইউএনওর সাথে আলোচনা করে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। প্রাযুক্তিক অপরাধপ্রবণতা বা দুস্কর্মের এ হলো একটি নবসংযোজিত ধারা। ইউএনও নিজের নম্বর ক্লোনিংয়ের বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন বটে। কিন্তু নম্বর ক্লোন করা অপরাধীকে সনাক্ত করা সম্ভব হবে কিনা সেটি বুঝা যাচ্ছে না। মোবাইল নম্বর ক্লোন করার অর্থ হলো একজনের নম্বর হুবুহু কপি করার মতো করে অন্য একটি সিমে ব্যবহার করা। এর মাধ্যমে ফোনগ্রহীতার মোবাইলে যদি মূল নম্বরের ব্যক্তির নাম সেভ করা থাকে তাহলে ক্লোন নম্বর থেতে কল গেলে সেভড ব্যক্তির নামই স্ক্রিনে ভেসে উঠবে। এতে করে বিভ্রান্ত হয়ে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল। যারা মোবাইল নম্বর ক্লোন করে তারা অপরাধকর্ম সংঘটনের জন্যই সেটি করে থাকে। এবং সম্প্রতি এই ধরনের অপরাধকর্মের কথা মাঝে-মধ্যেই শোনা যাচ্ছে। এতে করে মূল সীমের মালিককে পড়তে হয় অহেতুক ঝামেলায়। প্রাযুক্তিক এই দুস্কর্ম প্রতিরোধে মোবাইল কোম্পানিগুলোকেই মূল দায়িত্ব গ্রহণ করতে হবে।
কয়েক মাস আগেই মহা সমারোহে দেশের সকল মোবাইল নম্বরকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় নেওয়া হয়েছে। সময় উত্তীর্ণ হওয়ার পর অনিবন্ধিত সিমগুলো অকার্যকর করে ফেলা হয়েছে। সুতরাং দেশে এখন কোন অনিবন্ধিত মোবাইল সিম থাকার কথা নয়। তারপরেও অবৈধ সিমের অস্তিত্বের খবরাখবর পাওয়া যায়। নানা কায়দায় ভুয়া কাগজপত্র দিয়ে অপরাধীরা একাধিক সিমের মালিক বনেছেন বলে ধারণা করা যায়। এই অনিবন্ধিত অবৈধ সিমের সাথে ক্লোন সিমগুলো যুক্ত হয়ে মোবাইল অপরাধ রাজ্যটি এখনও বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে বলা যায়। মোবাইলের মাধ্যমে মানুষের যোগাযোগ প্রক্রিয়ার সহজলভ্যকরণের সাথে অন্যান্য যেসব অপরিহার্য উপকারিতা প্রযুক্ত হয়েছে তার সাথে এইসব অপরাধকর্ম আবার মোবাইল ব্যবহারকারীদের নাভিশ্বাস তুলছে। সরকারকে অবিলম্বে এই জায়গায় হস্তক্ষেপ করতে হবে।
সরকারের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একজন কড়িৎকর্মা ও দক্ষ মন্ত্রী হিসেবে সকলের কাছে শ্রদ্ধাভাজন। বিশেষ করে তাঁর মোবাইল নিবন্ধিকরণ কাজটি শত বাধার মুখেও শেষ করতে পারা একটি বড় ধরনের অর্জন। দেশের ভিভিআইপি ব্যবসা সংকোচনেও তাঁর ভূমিকা প্রশংসাযোগ্য। এখন তিনি সরকারি টেলিফোন সংস্থা বিটিসিএলকে অধিকতর কার্যক্ষম করে তোলার জন্য নানারূপ পদক্ষেপ গ্রহণ করছেন। এরকম একজন মন্ত্রীর কাছে আমরা আশা করতেই পারি মোবাইল সিমের এইসব প্রাযুক্তিক দুস্কর্ম প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার। মোবাইল সিমের মাধ্যমে কী উপায়ে অপরাধ সংঘটন করা হয়ে থাকে সে বিষয়ে জনসাধারণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে। গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার এসব বিষয়ে নিয়মিত আলাপ-আলোচনা থাকা উচিৎ। মোবাইল ব্যবহারকারীরা সচেতন হলে এই ধরনের অপরাধ কমে আসতে বাধ্য। পাশাপাশি আইনি ব্যবস্থাগুলো যদি কঠোর হস্তে প্রয়োগ হতে থাকে তাহলে একসময়ে অপরাধটি নির্মূল হবে।
জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর ক্লোন করার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করা খুব বেশি দরকার এই কারণে যে অপরাধীরা না হলে আরও বেপরোয়া হয়ে উঠবে। মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠা একটি প্রাযুক্তিক উপকরণ অপরাধীদের অস্ত্র হয়ে উঠুক এ কারও কাম্য নয়।
- ১৪ জানুয়ারি সুনামগঞ্জবাসীর স্বপ্নের বাস্তবায়ন- রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনে আসছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
- গোধারগাঁও প্রাইমারী স্কুলে সনাকের মতবিনিময়

