যথাস্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন- আজও মানববন্ধন

স্টাফ রিপোর্টার
শহরের ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারকে সংস্কার ও পুননির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষা কমিটির আয়োজনে শনিবার বিকালে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) মানববন্ধন পালিত হয়।
সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়, লেখক ডা.
মোরশেদ আলম, ঘাতক দালাল নির্মুল কমিটির জেলার শাখার আহবায়ক অ্যাড. রুহুল তুহিন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক বিন্দু তালুকদার, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সংগঠক বাবরুল হাসান বাবলু প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মালেক হোসেন খান, হিরন্ময় কর হিরু, মালেক হোসেন পীর, সমাজসেবক ইয়াকুব বহলুল বখ্ত, প্রভাষক মশিউর রহমান, ব্যবসায়ী রণধীর দাস, রাজনীতিক মেহেদী হাসান উজ্জ্বল, সাংবাদিক আকরাম উদ্দিন, আশিক পীর, আমিনুল ইসলাম, প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয়, সংগঠক সাহেরীন আহমদ চৌধুরী মিশু, শহীদ নূর আহমদ, দ্বিগবিজয় চৌধুরী, পুলক রাজ, ইয়াকুব শাহরিয়ার, দেলোয়ার হোসেন, নাট্যদল নেতা আব্দুস সালাম মাহবুব, সাংবাদিক মিল্লাত হোসেন, হাসান বশির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,‘সুনামগঞ্জবাসী নতুন একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণের পক্ষে। তবে এই শহীদ মিনার নির্মাণ করতে হবে মুক্তিযোদ্ধাদের শ্রমে-ঘামে প্রতিষ্ঠিত সর্বজন স্বীকৃত ডিএস রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থলেই। জেলা প্রশাসকের কার্যালয়ে ও জেলা দায়রা আদালতের কাছে কোনভাবেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হতে পারে না। জেলা প্রশাসন ও আদালতের মাঝে কেউ শহীদ মিনার চায় না। তাই দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে যথাস্থানেই শহীদ মিনার নির্মাণের দাবি জানানো হয়।’
উল্লেখ্য, ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের অর্থায়নে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা দায়রা জজ আদালতের মধ্যবর্তী স্থানে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের লক্ষ্যে আগামীকাল রোববার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। কিন্তু জেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের দাবি পুরাতন শহীদ মিনারের স্থলেই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হোক।

এদিকে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার রক্ষা কমিটির উদ্যোগে শনিবার রাতে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আজ রবিবার দুপুর পোনে একটায় সুনামগঞ্জ জেলা শহিদ স্মৃতিসৌধের দক্ষিণে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে নির্মাণাধীন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হবে। জরুরিসভায় আরো বিভিন্ন সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।  সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনার অন্যত্র সড়ানো ও জেলা প্রশাসক কার্যালয়ের ভিতরে নির্মাণের প্রতিবাদে ডিএস রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ফেইসবুক প্রফাইলে আপলোডের সিদ্ধান্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত সংশ্লিষ্টরা এই বিতর্কিত ও গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসবেন ততক্ষণ পর্যন্ত প্রোফাইল পিকচার বহাল থাকবে। এবিষয়ে জনমত তৈরির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখির আহ্বান জানান নেতৃবৃন্দ।
জরুরি সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেনরায়, ডা. মোরশেদ আলম, এইচএমপি উচ্চ বিদ্যালয়েল সভাপতি ইয়াকুব বখত বহলুল, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, সাংবাদিক শামস শামীম, যমুনা টিভির সাংবাদিক মাহুমুদর রহমান তারেক, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি সাংবাদিক আকরাম উদ্দিন, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার, বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী প্রমুখ।